বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইউএনডিপি ও ইসি একসাথে কাজ করবে
ইউরোপীয় কমিশন (ইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বুধবার বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি প্রকল্পে অর্থ সহায়তার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি অনুযায়ী ইউরোপীয় কমিশন এ প্রকল্পে ৮ দশমিক ৯ মিলিয়ন ইউরো অনুদান হিসেবে প্রদান করবে। বর্তমানে এ প্রকল্পটি সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন রয়েছে।
ইসির প্রতিনিধি দলের ভারপ্রাপ্ত প্রধান অ্যান্থনি গুডউইন এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেস্যালিয়েন ঢাকায় ইসি প্রতিনিধি কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
২০০৪ সালে বাংলাদেশ সরকার ইউএনডিপি এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ সম্প্রসারিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রথম পর্যায় শুরু করে। অনুদান প্রদানের মাধ্যমে ইসি এ উদ্যোগে অংশ নিয়েছে। ইসি ভূমিকম্প, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য সরবরাহ, গবাদিপশু নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দেবে।
