নওগাঁয় ব্যবসায়ীকে জবাই করে হত্যা
নওগাঁর ধামইরহাটে মঙ্গলবার রাতে এনামুল হক (৩০) নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। এ সময় তাঁর কাছ থেকে দুর্বৃত্তরা চার লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় এনামুল হকের ভগ্নিপতি সাইফুল ইসলাম (২৮) ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় ধামইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধামইরহাট থানা সদরের সাদিয়া গার্মেন্টস এর মালিক এনামুল হক মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গার্মেন্টস বন্ধ করে সাইফুল ইসলামকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে ছাইতানকুড়ি নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে সাইফুল ইসলামের হাত, পা, চোখ বেঁধে এনামুলকে জবাই করে হত্যা করে এবং তার কাছে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং এনামুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ধামইরহাট থানায় মামলা হয়েছে।
