ব্রাহ্মনবাড়িয়ায় যুবককে পিটিয়ে হত্যা
ব্রাহ্মনবাড়িয়া শহরের পুনিয়াউটে বুধবার ভোরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
নিহতের নাম বাবন মিয়া (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবন বিদেশ যাওয়ার জন্য তার বন্ধু মনিরকে প্রায় দেড় মাস পূর্বে দেড় লাখ টাকা দেয়। কিন্তু টাকা দেয়ার পরও মনির বাবনকে বিদেশ পাঠাতে গড়িমসি করে এবং কয়েকদিন আগে মনির আরো ৫০ হাজার টাকা চায়।
মঙ্গলবার বিকালে বাবন আরো ৫০ হাজার টাকা মনিরকে দেয়। টাকা নিয়ে বাবনকে সাথে নিয়ে মনির তার বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর বাবন আর বাড়ি ফিরে আসেনি।
পুলিশ বুধবার ভোরে পুনিয়াউট থেকে বাবনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিদেশ যাওয়ার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে বাবনকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে।
