লালমনিরহাটে রাকাবের ১৭টি শাখায় দুর্নীতি, জোনাল ম্যানেজার স্ট্যান্ড রিলিজ তদন্ত টিম বুধবার যাচ্ছে
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) লালমনিরহাট জেলার ১৭টি শাখায় ঋণ প্রদানে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে জোনাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন মন্ডলকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
সোমবার তাকে স্ট্যান্ড রিলিজের পর ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে এসব দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে এজিএম ইউনুস আলীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম বুধবার লালমনিরহাটে আসছেন।
রাকাব প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট রাকাবের ১৭টি শাখায় ঋণ প্রদানে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে রাকাব চেয়ারম্যান রিজভী আহম্মেদের নির্দেশে গঠিত তদন্ত টিমের অন্য সদস্যরা হচ্ছেন- উদ্ধতন মূখ্য কর্মকর্তা আব্দুর রউফ, মুখ্য কর্মকর্তা ইদ্রীস আলী, মুখ্য কর্মকর্তা একে আজাদ।
টিম আগামী ১০ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করে প্রধান কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
লালমনিরহাটে রাকাবের ১৭টি শাখায় তদন্তের খবর ছড়িয়ে পড়লে প্রতারিত ঋন গ্রহীতার মাঝে স্বস্তি ফিরে আসে।
জানা যায়, ২৪ আগস্ট সদর উপজেলার মোগলহাট শাখায় ঋণ প্রদানে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ঋণ গ্রহীতা ও শত শত বিক্ষুদ্ধ জনতা রাকাব শাখা ব্যবস্থাপক আশরাফ আলীসহ ৮ জন ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীকে ব্যাংকের ভেতরে দিনভর আটকে রাখে।
লালমনিরহাট জোনাল অফিসের মুখ্য কর্মকর্তা জগন্নাথ ঘোষের নেতৃত্বে সিবিএ নেতা আব্দুল জলিলসহ ৫ সদস্যের একটি টিম অভিযোগের তদন্তের ভিত্তিতে অভিযুক্ত আশরাফ আলীকে ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
