গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত, মহাসড়ক অবরোধ-ভাংচুর
গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া (৩৫) নামে এক গার্মেন্টস সুপারভাইজার নিহত হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা ওই মহাসড়ক অবরোধ ও বেশ কিছু যানবাহন ভাংচুর করে। এতে ওই এলাকায় প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত সুপারভাইজার নয়ন মিয়া বোর্ড বাজারের এ্যারো অ্যাপারেলসে কাজ করত। তার বাড়ি যশোর জেলায়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে কর্মস্থল থেকে বেরিয়ে নয়ন মিয়া রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নয়নের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনায় গত জুলাই মাসেও গার্মেন্টস শ্রমিকরা দুই দফা সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করে।
