২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক হাসান আজিজুল হককে হুমকির ঘটনায় রাবির প্রগতিশীল ও জামায়াতপন্থী শিক্ষকদের পাল্টাপাল্টি বিবৃতি

দেশবরেণ্য কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হককে শিবির ক্যাডারদের হত্যার হুমকির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ এবং জামায়াতপন্থী শিক্ষকরা পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী ১৫১ জন শিক্ষক সোমবার অধ্যাপক হাসান আজিজুল হককে ‘ইসলামের দুশমন’ উল্লেখ করে একটি বিবৃতি দেন। বিবৃতিতে হাসান আজিজুল হককে তার বক্তব্য প্রত্যাহারসহ জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়।

অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের ২০১ জন শিক্ষক হাসান আজিজুল হককে পরিকল্পিতভাবে হত্যার হুমকি দিয়ে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে অভিযোগ করে হুমকিদাতা শিবির ক্যাডারদের শাস্তির দাবি জানিয়ে একটি পাল্টা বিবৃতি দিয়েছেন।

প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতিতে বলা হয়, কথাসাহিত্যিক, দার্শনিক ও চিন্তাবিদ অধ্যাপক হাসান আজিজুল হককে ‘সচেতন ছাত্রসমাজ’র ব্যানারে শিবির ক্যাডাররা ক্যাম্পাসে প্রকাশ্য প্রাণনাশের হুমকি দিয়ে যে ত্রাসের সৃষ্টি করেছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা হাসান আজিজুল হকের দেয়া বক্তব্যকে বিকৃত করে অশুভ উন্মত্ততা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এটা শুধু অধ্যাপক হাসান আজিজুল হকের জন্যই নয়, সকল শান্তিপ্রিয় মানুষের জন্যই একটি ভয়ংকর হুমকি। স্বাধীন দেশের নাগরিকদের সৎ ও মুক্ত চিন্তার অধিকারের ওপর এটা নগ্ন ও নির্লজ্জ হস্তক্ষেপ।

বিবৃতিতে আরো বলা হয়, প্রকাশ্য দিবালোকে ক্যাম্পাসে এই খবরদারি ও হুমকির ঘটনা ঘটেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত হুমকিদাতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হয়নি। ফলে এই অপশক্তির অশুভ তৎপরতা আরো প্রশ্রয় পাচ্ছে।

বিবৃতিতে অধ্যাপক জাফর ইকবালকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুস সোহবান, এম. সাইদুর রহমান খান, খায়রুল আলম খান, চৌধুরী জুলফিকার মতিন, মোখলেছুর রহমান, মিজান উদ্দিন,এএইচএম জেহাদুল করিম, মাহবুবর রহমান, শাহ্ নেওয়াজ আলী, এন্তাজুল এম. হক, আবুল কাশেম, জালাল উদ্দিন, আনন্দ কুমার সাহা ও মলয় ভৌমিক।

অপরদিকে জামায়াতপন্থী শিক্ষকদের বিবৃতিতে বলা হয়,  শিক্ষা আন্দোলন মঞ্চ আয়োজিত সেমিনারে হাসান আজিজুল হক তথাকথিত কান্ডজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। ইসলাম সম্পর্কে না জেনে এ ধরনের বক্তব্য দিয়ে তিনি ইসলামের দুশমনে পরিনত হয়েছেন। এ কারণে হাসান আজিজুল হকের শাস্তি হওয়া উচিত এবং একই সঙ্গে তাঁকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক একেএম ইয়াকুব আলী, নকীব উল্লাহ, আব্দুল হক, শামসুর রহমান, আব্দুস সালাম আল মাদানী ও শরীফুল ইসলাম।