২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পুলিশ পাহারায় বাস চালুর সিদ্ধান্ত স্থগিত, নিয়োগ কমিটির সভা বাতিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশ পাহারায় বাস চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ক্ষমতাসীন চারদলীয় জোট, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপাচার্য ড. মোসলেহউদ্দিন আহমদ যেকোন মূল্যে শাবি’র ক্লাস ও পরীক্ষা শুরু করাসহ একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেন।

ওই সভায় পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয় পরিবহন বিভাগের বাস চলাচল মঙ্গলবার থেকে শুরু করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত ছাত্রসংগ্রাম পরিষদের প্রতিরোধের কর্মসূচির মুখে কর্তৃপক্ষ পিছু হটে।

মঙ্গলবারও ছাত্র সংগ্রাম পরিষদ ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

ছাত্রলীগসহ প্রগতিশীল সংগঠনের নেতারা উপাচার্য মোসলেহ উদ্দিনের অপসারণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট এবং বাইরে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

এদিকে মুক্তিযেুদ্ধের সপক্ষের শিক্ষকরা মঙ্গলবার সকালে তড়িঘড়ি করে নিয়োগ কমিটির সভা আহ্বানের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেন।

এক ঘন্টা অবস্থান ধর্মঘট চলাকালে উপাচার্যের কার্যালয় থেকে দুপুরে ঘোষণা দেয়া হয় ২৯ আগস্টের নিয়োগ কমিটির সভা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

এরপরই প্রতিবাদী শিক্ষকরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন।