রওশন এরশাদের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ের বিষয়ে বন্ধকী সম্পত্তি ক্রোকের শুনানি ২৮ সেপ্টেম্বর
রওশন এরশাদের বিরুদ্ধে খেলাপী ঋণের ১০ কোটি টাকা আদায়ের বিষয়ে বন্ধকী সম্পত্তি ক্রোকের শুনানির তারিখ ২৮ সেপ্টেম্বর ধার্য্য করা হয়েছে। একই সঙ্গে আদালত তদবীরের অভাবে কেন মামলা খারিজ করা হবে না তার কারণ দর্শানোর শুনানিও সেদিন অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার ঢাকার ২য় অর্থ ঋণ আদালতের বিচারক খন্দকার হাসান মো. ফিরোজ এ আদেশ দেন।
প্রসঙ্গত, রওশন এরশাদসহ পাঁচ পরিচালক জনতা পাবলিশার্সের নামে ১৯৯০ সালে উত্তরা ব্যাংক স্থানীয় কার্যালয় মতিঝিল শাখা থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ঋণ নেন। ঋণের বিপরীতে রওশন এরশাদের গুলশানের বাড়ির অর্ধেকাংশ ও কারওয়ান বাজার জনতা টাওয়ারের ভূমিসহ সমস্ত সম্পত্তি বন্ধক রাখা হয়। তারা এ ঋণ পরিশোধ না করায় ব্যাংক অর্থ ঋণ আইনে ২০০৪ সালের ডিসেম্বরে মামলা দায়ের করে। আদালত একই বছরের ১২ জুলাই ৫ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৪শত ৬৫ টাকার রায় ও ডিক্রি জারি করেন। ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী ডিক্রির ঐ টাকা সুদে আসলে দাঁড়ায় প্রায় ১০ কোটিতে।
বন্ধকী সম্পত্তি নিলামে উঠিয়ে ওই ১০ কোটি টাকা আদায়ের জন্য ব্যাংক গত বছরের ১৩ জানুয়ারি একটি মামলা দায়ের করে। মামলায় ডিক্রিদার ব্যাংক চলতি মাসের ২৪ তারিখে অগ্রিম ক্রোকী পরোয়ানা ইস্যু করে। একই সাথে বিবাদী রওশন এরশাদ সুপ্রীমকোর্টের আপীল বিভাগে লীভ আপিলের শুনানি না হওয়ায় মামলাটি তার বিরুদ্ধে চলবে না বলে আপত্তি দাখিল করেন।
অপর বিবাদি দায়িকরা হলেন জনতা পাবলিশার্সের চেয়ারম্যান এম এ সাত্তার, পরিচালক সারোয়ার হাবীব সিনহা, মুন্সী কফিলউদ্দিন ও শাহজাহান চৌধুরী।
