বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওপর চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিল আসছে
বেসরকারী যে কোন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বন্ধের বিধান রেখে জাতীয় সংসদে উত্থাপিত কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা বিল, ২০০৬ পাসের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
স্থায়ী কমিটি বিলটির উপর কয়েকটি সংশোধনীসহ বেশকিছু নতুন দফা সংযোজন করেছে। সংযোজিত বিধানের অন্যতম হলো: ‘দেশের বাইরে থেকে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কোন বিশেষ সম্প্রচার করা যাবে না’।
এই বিধানের ফলে যুক্তরাজ্য থেকে সম্প্রচারিত ‘চ্যানেল-এস’ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত ‘এসটিভি ইউএস’ এর বাংলাদেশে সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় সাংসদ।
আরেকটি সংযোজনীতে বলা হয়েছে, বাংলাদেশে প্রচারিত চ্যানেলগুলোতে ‘ভিনদেশী পণ্যের কোন বিজ্ঞাপন প্রচার করা যাবে না’।
তবে বিলের কোন স্থানে বিদেশী পণ্যের সংজ্ঞা নির্ধারণ করা হয়নি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এই সুপারিশমালা প্রদান করা হয়।
কমিটির সভাপতি এবাদুর রহমান চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। স্থায়ী কমিটির চূড়ান্ত সুপারিশের মধ্য দিয়ে বিলটি সংশোধিত আকারে সংসদের আগামী অধিবেশনের কোন একদিন পাস হবে। সংসদের আগামী অধিবেশন শুরু হবে ১০ সেপ্টেম্বর।
কমিটির সদস্য আওয়ামী লীগ দলীয় সাংসদ মাহবুবুর রহমান বিডিনিউজকে বলেন, সরকার নির্বাচনকে সামনে রেখে এসটিভি ইউএস এবং চ্যানেল এস বন্ধের টার্গেট নিয়ে কিছু নতুন বিধান বিলটিতে সংযোজন করেছে।
বিলের ৭ দফায় বলা হয়েছে -সরকার অনুমোদিত জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাধ্যতামূলকভাবে প্রচার করবে চ্যানেলগুলো।
বিষয়গুলোর মধ্যে রয়েছে: “রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ভাষণ; জনগুরুত্বপূর্ণ ঘোষণা বা প্রেসনোট; জরুরী আবহাওয়া বার্তা; সরকার কর্তৃক সময় সময় প্রচারিত গুরুত্বপুর্ণ সরকারী ও অন্যান্য অনুষ্ঠান”।
বিলের ২০ ধারা সংশোধন করে স্থায়ী কমিটির সুপারিশে বলা হয়েছে, “জনস্বার্থে সরকার যে কোন স্থানে যে কোন সময় যে কোন কেব্ল নেটওয়ার্ক পূর্ণ বা আংশিক বন্ধ ঘোষণা করতে পারবে”।
কমিটির সভাপতি এবাদুর রহমান বিডিনিউজকে বলেন, জনস্বার্থে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ রক্ষার জন্য বিলটির উপর সুপারিশ প্রদান করা হয়েছে। চ্যানেল এস এবং এসটিভি ইউএস এর বাংলাদেশে সম্প্রচার বন্ধের ব্যাপারে তিনি বলেন, ভারতেও সে দেশের বাইরে থেকে জনগণের উদ্দেশ্যে অনুষ্ঠান প্রচার বন্ধের ব্যবস্থা রয়েছে।
কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী শামসুল ইসলাম বিডিনিউজকে বলেন, দেশীয় চ্যানেলগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্যেই এই বিল আনা হয়েছে।
কমিটির সুপারিশে আরো বলা হয়, “বাংলাদেশী নাগরিক ছাড়া কেউ চ্যানেল ডিস্ট্রিবিউটর ও অপারেটর হতে পারবে না। সম্প্রচারের ক্ষেত্রে সরকারী চ্যানেলকে অগ্রাধিকার দেয়া হবে, তারপর সরকার অনুমোদিত বেসরকারী চ্যানেলগুলোকে অনুমোদন প্রাপ্তির তারিখের ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে। এরপর বিদেশী চ্যানেলগুলো প্রচার করতে হবে।
এ ছাড়াও কমিটির সভাপতি বলেছেন, বর্তমানে প্যাকেজ ব্যবস্থায় যেভাবে চ্যানেল দেখানো হয় তা বন্ধের ব্যাপারে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, শহিদুজ্জামান বেল্টু, সোহরাব হোসেন, মনজুরুল আহসান মুন্সি, বিশেষ আমন্ত্রনে তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস বৈঠকে যোগ দেন।
