ফুলবাড়ীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে রুয়েটে মানববন্ধন, শোকর্যালি
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ পাঁচজন নিহত হওয়ার প্রতিবাদে সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
দিনাজপুর জেলা সমিতি রুয়েট শাখার উদ্যোগে বেলা সাড়ে ১০টায় শুরু হয়ে আধা ঘন্টার এই মানববন্ধন কর্মসূচিতে দিনাজপুর জেলা সমিতি রুয়েট শাখার সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষক, কর্মকর্তা--কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশ নেয়। কর্মসূচি শেষে গুলিবর্ষণের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে একটি মৌন মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে একই দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সোমবার ক্যাম্পাসে শোকর্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বেলা ১১টার শুরু হয়ে শোকর্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক অধ্যাপক আবু নাসের, যুগ্ম আহবায়ক সাইদ আকতার আমীন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সায়েম।
