মাছ ও মাংসের চাহিদা পূরণে ময়মনসিংহের ভালুকায় ইফাদ অ্যাগ্রো কমপ্লেক্সের যাত্রা শুরু
আধুনিক পদ্ধতিতে মাছ, মাছের রেণু ও পোনা উৎপাদন এবং গরু মোটাতাজা করে দেশের মাছ ও মাংসের চাহিদা পূরণ ও বিদেশে রপ্তানি করার লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাহুলীতে ইফাদ অ্যাগ্রো কমপ্লেক্স যাত্রা শুরু করেছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্থায়ণে প্রায় ১৪ কোটি ব্যয়ে প্রায় ৯০ বিঘা জমির ওপর প্রকল্পটি শুরু করা হয়।
মৎস্য ও পশু সম্পদ সচিব কামরুল হাসান বৃহস্পতিবার বাহুলীতে ইফাদ অটোস-এর সহযোগী প্রতিষ্ঠান ইফাদ অ্যাগ্রোর উদ্বোধন করেন।
উদ্যোক্তারা জানান, কমপ্লেক্সটির অভ্যন্তরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাতের ছোঁয়া ছাড়াই দেশীয় প্রজাতির কই, কাতলা, পাঙ্গাস, সিলভার কার্প, গ্রাস কার্প, বিগ হেড, কালি বাউস, ঘনয়া, রাজপুটি ও কার্ফুসহ বিভিন্ন প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হবে। এজন্য ইতোমধ্যেই প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
এছাড়াও মূল কমপ্লেক্সে ১৯টি বিশালকায় পুকুর ও কমপ্লেক্সের বাইরেই প্রায় এক বর্গ কিলোমিটার উন্মুক্ত জলাশয়ে এসব মাছের চাষ ও পোনা লালন পালনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমপ্লেক্স-এর পরিচালক তাসনিম আহমেদ জানান, এ কমপ্লেক্সে প্রায় তিন হাজার গরু মোটাতাজা করা হবে। গোমাংসের চাহিদা পূরণে প্রকৃত মালিকদের কাছ থেকে গরু কিনে দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করা হবে। এক্ষেত্রে ক্ষতিকারক রাসায়নিক ও কৃত্রিম পদ্ধতি ব্যবহার করা হবে না।
এ প্রকল্পের আওতায় আগামি কোরবাণীর ঈদের আগে বাজারে মানসম্মত গরু সরবরাহ করা হবে। ক্রেতারা এক মাস আগে থেকেই বুকিং দিয়ে এসব গরু সংগ্রহ করতে পারবেন। ১৫ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে এসব গরু বিক্রি করা হবে।
