নওগাঁয় চরমপন্থীদের হাতে ৪ পুলিশ ও এক যুবদল নেতা খুন, পুলিশের অস্ত্র লুট
নওগাঁর প্রত্যন্ত মান্দা থানার একটি বাজারে আজ শুক্রবার সন্ধ্যায় চরমপন্থীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে, গুলি ও জবাই করে চার পুলিশ ও এক যুবদল নেতাকে হত্যা করেছে।
এ ঘটনায় আহত হয় ৫০ জনেরও বেশী। হত্যাকাণ্ডের পর চরমপন্থীরা নিহত চার পুলিশের চারটি অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নওগাঁর মান্দা থানায় আজ হাটবার থাকায় প্রচুর লোকের সমাগম ছিল। সন্ধ্যা সোয়া ৬টার দিকে লুঙ্গি ও চাদর পরা ১০ - ১৫ জনের একদল লোক বাজারে টহলরত পুলিশের পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা বোমার বিস্ফোরণ ঘটালে পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। প্রায় ২৫ মিনিট ধরে এই গুলিবিনিময় চলে। এতে ৫০জনেরও বেশী আহত হয়। বোমা ও গুলির ঘটনায় চার পুলিশ মাটিতে লুটিয়ে পড়লে চরমপন্থীরা তাদেরকে জবাই করে হত্যা করে।
নিহতরা হলেন, মান্দা থানার দারোগা ফিরোজ হোসেন, কনস্টেবল বাবুল ইসলাম, ফরিদুল ইসলাম ও আসকান মিয়া।
এ ছাড়া গুলি বিনিময়ের ঘটনায় গুরুতর আহত হন মান্দা থানার যুবদলের সাংগঠনিক সম্পাদক নজের আলী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, তানোর স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে যোগাযোগ করা হলে কর্মকর্তারা এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডিসি ও এসপিসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সবাই ঘটনাস্থলে রয়েছেন।
রাজশাহীর ডিআইজি নাঈম আহমেদ সাংবাদিকদের জানান, হামলাকারীরা জবাই ও অস্ত্র লুট করে চলে যাওয়ার সময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নামে শ্লোগান দিতে দিতে এলাকা ত্যাগ করে। খুব শিগ্গিরই চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
