নওগাঁয় চরমপন্থীদের হাতে ৪ পুলিশ ও এক বিএনপি নেতা খুন
নওগাঁর মান্দা থানার একটি বাজারে আজ শুক্রবার সন্ধ্যায় চরমপন্থীরা বোমা ফাটিয়ে, গুলি ও জবাই করে চার পুলিশ ও এক বিএনপি নেতাকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয় ৫০ জনেরও বেশী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নওগাঁর মান্দা থানার বাজারে আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে লুঙ্গি ও চাদর পরা ১০ - ১৫ জনের একদল লোক পুলিশের পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা বোমার বিস্ফোরণ ঘটালে পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। প্রায় ২৫ মিনিট ধরে এই গুলি বিনিময় চলে। এতে ৫০জনেরও বেশী আহত হয়। বোমা ও গুলির ঘটনায় চার পুলিশ মাটিতে লুটিয়ে পড়লে চরমপন্থীরা তাদেরকে জবাই করে হত্যা করে।
এরা হলেন, মান্দা থানার দারোগা ফিরোজ হোসেন, কনস্টেবল বাবুল ইসলাম, ফরিদুল ইসলাম ও আসকান মিয়া। গুলি বিনিময়ের ঘটনায় গুরুতর আহত হন মান্দা থানার সাংগঠনিক সম্পাদক নজের আলী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
