সাতক্ষীরায় মাত্র ১৫০ টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা
মাত্র ১৫০ টাকা খরচ করে ফেলার অভিযোগে তোতা খাতুন(২১) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী মনিরুল ইসলাম। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের রাজার বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, কয়েকদিন আগে মনিরুল তার স্ত্রী তোতার কাছে ১৫০ টাকা জমা রাখে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মনিরুল ওই টাকা ফেরত চায়। এসময় তোতা টাকাটা খরচ করে ফেলেছে জানালে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মনিরুল তার স্ত্রীকে বেধড়ক পেটাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের পিতা তাসির উদ্দিন বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাতক্ষীরা সদর থানার এসআই কুমকুম জানান, নিহতের শরীরের একাধিক স্থানে ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
