পতাকা বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই সাতক্ষীরা সীমান্তে ফের বিডিআর-বিএসএফ গুলি বিনিময়
ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাত্র কয়েক ঘন্টা পরই শুক্রবার ভোরে সাতক্ষীরা সীমান্তে ফের বিডিআর ও বিএসএফ এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে বিডিআর এর একটি সূত্র জানিয়েছে।
গুক্রবার ভোর রাত ৩টার দিকে ভারতের খোজাডাঙ্গার কাছে পাকিরডাঙ্গা ক্যাম্প থেকে বিনা উস্কানিতে ভারতীয় সীমান্ত রক্ষী বহিনী (বিএসএফ) কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এর জবাবে সাতক্ষীরা সীমান্তের গাজীপুর বিওপির মেইন পিলার - এর কাছ থেকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদস্যরাও পাল্টা দুই রাউন্ড গুলি ছোঁড়ে।
সাম্প্রতিক সময়ে বিনা উস্কানিতে বিএসএফ এর গুলিবর্ষণ এবং বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা সীমান্তের ভোমরা - ভারতের খোজাডাঙ্গা পয়েন্টে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয়পক্ষই সংঘাত ও সংঘর্ষ এড়িয়ে সীমান্তে শান্তি বজায় রাখার প্রশ্নে একমত হয় বলে জানা যায়। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই গুলি বিনিময়ের সর্বশেষ এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করলে তিনি গুলি বিনিময়ের কথা স্বীকার করেন।
