উখিয়ায় দেড় কোটি টাকার চোরাই মালামাল বোঝাই ৪টি ট্রাক আটক
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্টের কর্মীরা ৪টি ট্রাক বোঝাই বিপুল পরিমাণ চোরাচালানের মাল আটক করেছে। বৃহস্পতিবার ভোরে এই মালামাল আটক করা হয়।
কাস্টমস সূত্র জানায়, আটককৃত মালামালের মধ্যে জিরা, ছোলা, ধনিয়া, মুগডাল প্রভৃতি রয়েছে। ট্রাকসহ মালামালের মূল্য দেড় কোটি টাকারও বেশী বলে সূত্রটি উল্লেখ করে। তবে কাস্টমস বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এ ছাড়াও টেকনাফ স্থল বন্দরের অদূরে নাফ নদীতে ২ হাজার মেট্রিক টন মালামাল নিয়ে রহস্যজনকভাবে একটি বড় জাহাজ অবস্থান করছে বলে সংশ্লি¬ষ্ট এলাকার বাসিন্দারা জানিয়েছেন। জাহাজটিতে থাইল্যান্ডের পতাকা উড়ছে। এলাকাবাসীর মতে, এই এলাকায় এ ধরনের জাহাজ এই প্রথম।
সুত্র মতে, জাহাজটি থাইল্যান্ডের রেনং বন্দর থেকে মালামাল বোঝাই করে নাফ নদীতে এসেছে। ধারণা করা হচ্ছে, এসব মালামালের কোন ইনভয়েস নেই। আটককৃত মালামাল তারই অংশবিশেষ বলে অনেকে সন্দেহ করছেন। তবে কাগজপত্রহীন বিপুল পরিমাণ মালামাল কিভাবে টেকনাফ স্থল বন্দর ও দমদমিয়া বিডিআর চেকপোষ্ট পার হয়ে উখিয়া পর্যন্ত এলো তাও রহস্যজনক বলে মনে করা হচ্ছে।
অবৈধ মালামালসহ আটক ট্রাকের নম্বরগুলো হচ্ছে চট্ট মেট্রো - ট - ১১-০৪৩০, কক্সবাজার-ট-০৫০০৫, ঢাকা - ট ১১ - ৩৫৪৪ ও ঢাকা - ড - ০৪২১।
এদিকে কাস্টমস কর্তৃপক্ষ রহস্যজনকভাবে সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছেন। এ ঘটনায় উখিয়া থানায় ১ কোটি ২০ লাখ টাকার একটি মামলা দায়ের করা হয়েছে।
