সড়ক দুর্ঘটনায় যশোরে অবসরপ্রাপ্ত ৭ সেনাসদস্য ও কুমিল্লায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ১১ (সমন্বিত)
যশোর ও কুমিল্লা জেলায় বৃহস্পতিবার দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও নয়জন আহত হয়েছে। যশোরে নিহতদের সাতজনই হলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কুমিল্লায় একই পরিবারের চার সদস্য।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, জেলার যশোর -মাগুরা মহাসড়কের সাদিপুর নামক স্থানে বিকেলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সাত সদস্য নিহত এবং অপর সাতজন সদস্য আহত হন।
পুলিশ জানায়, নিহত সেনা সদস্যরা যশোর ক্যান্টনমেন্ট থেকে রেশন তুলে একটি ট্রাকে করে গোপালগঞ্জের কাশিয়ানিতে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, শাহজাহান, আমিনুর রহমান, জামশেদ, জাফর আলী খান এবং মেজবাহউদ্দিন। অপর দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পদবী সম্পর্কেও কিছু জানা যায়নি।
আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, বিমানবন্দরে বাবাকে রিসিভ করার জন্য মাইক্রোবাসে করে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় মা ফয়জুন্নেছা (৪০) সহ নিহত হয়েছে নাঈম (১২) আর রিদওয়ান (৫) নামের দুই শিশু। দুর্ঘটনায় ওই পরিবারের রুহুল আমিন নামে আরও একজন মারা গেছেন।
আহত হয়েছে মাইক্রোবাসের চালক সামছু (৪০) ও অপর একজন আবুল হাশেম(৪৫)।
পুলিশ জানায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রহিমান নগরের ওই বাসিন্দারা সকাল ৮টায় একটি মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-১৪-৭২৬৭) করে ঢাকা বিমানবন্দরে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাছে তুলাতুলিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটির চার আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত দুজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
