সাতক্ষীরায় শিশু সজীব হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
সাতক্ষীরায় শিশু সজীবকে (৭) হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড ও অপর তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম মোর্শেদ। বৃহস্পতিবার এক জনাকীর্ণ আদালতে তিনি এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হচ্ছে গাংনিয়া গ্রামের আব্দুল আলীম, আলিপুর গ্রামের করিম গাজী, বহেরা গ্রামের আখতারুল ইসলাম ময়না এবং একই গ্রামের আনোয়ারুল ইসলাম আনু। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল আলীম পলাতক অবস্থায় রয়েছে।
চার্জশীটভূক্ত অপর তিন আসামী সখিনা খাতুন, সফিকুল ইসলাম ভূট্টো এবং আনিছুর রহমান বেকসুর খালাস পান।
আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট দেবহাটা উপজেলার বহেরা গ্রামের অধ্যাপক মনিরুল ইসলামের পুত্র মাহাবুবুল ইসলাম সজীবকে (৭) আসামীরা প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করে। পরে আসামীরা তার লাশ বাড়ীর পাশে একটি কচু ক্ষেতে ফেলে রেখে চলে যায়। এ মামলায় পুলিশ সাতজনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
