সন্তানদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন জীবন নিশ্চিত করতে হবে: যৌনকর্মীদের দাবি
যৌনকর্মী সংগঠনগুলোকে একত্র করে যৌনকর্মী ও তাদের সন্তানদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন জীবন নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘যৌনকর্মীদের তৃতীয় জাতীয় সম্মেলন ২০০৬’।
কেয়ার, ব্রাক, কনসার্ন, এ্যাকশন এইড, মানুষের জন্য, হাসাব, দুর্বার নেটওয়ার্ক, সংহতিসহ প্রায় ২৮ টি দাতা সংস্থার সহায়তায় বৃহস্পতিবার শ্যামলীতে কেয়ার বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ।
যৌনকর্মীদের তৃতীয় জাতীয় সম্মেলন আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রতিষ্ঠানের সভানেত্রী মমতাজ বলেন, ‘সমাজে আজও যৌনকর্মীরা অবহেলিত ও প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে সরকারি- বেসরকারি সুযোগ সুবিধা আদায়ে উদ্যোগ নেওয়া, নিজস্ব তহবিল গঠন, নারী ও শিশু পাচার এবং যৌনকর্মীদের ঝুঁকিপূর্ণ আচরণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’
দ্বি-বার্ষিক কার্যক্রম অগ্রগতি প্রতিবেদনের তথ্যে জানা যায়, ২০০২ সালে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে প্রথমবারের মতো বিভিন্ন অঞ্চলের যৌনমর্কীদের নিয়ে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে দেশের ১৫ টি অঞ্চলের ১৫ জন যৌনকর্মী প্রতিনিধি নিয়ে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ গঠন করা হয়। এরপর থেকে প্রতি সম্মেলনে দুই বছরের জন্য সরাসরি ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সম্মেলনে গৃহীত প্রধান কয়েকটি কর্মপরিকল্পনা হচ্ছে যৌনকর্মীদের সন্তানদের শিক্ষা সুবিধা নিশ্চিত করা, শিশু ও কিশোরীদের যৌনপেশায় আসা বন্ধ করার উদ্যোগ নেওয়া, পাচার প্রতিরোধে দেশী - বিদেশী সংস্থার সাহায্য নেওয়া চিকিৎসা, স্বাস্থ্য, লাশ সৎকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ।
সম্মেলনে ২৬ টি দাতা সংস্থাসহ সারাদেশের প্রায় ৮৪ জন যৌনকর্মী অংশ নেয়। মঙ্গলপ্রদীপ জ্বেলে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে কেয়ারের পক্ষে বক্তব্য রাখেন কে এম নুরুল গনি, কনসার্ন এর পক্ষে ফোরকান আহমেদ ও কল্পনা বোস, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এডভোকেট রাশিদা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামস আরেফিন প্রমুখ।
