বাবার সঙ্গে দেখা হলো না নাঈম আর রিদওয়ানের, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জন নিহত
অনেকদিন পর বাবা দেশে ফিরছেন। কিন্তু সেই প্রিয় বাবার সঙ্গে দেখা হলো না ছোট্ট নাঈম (১২) আর রিদওয়ানের (৫)। বিমানবন্দরে বাবাকে রিসিভ করার জন্য মাইক্রোবাসে করে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে এক সড়ক দুর্ঘটনায় মা ফয়জুন্নেছা (৪০) সহ তারা নিহত হয়েছে।
দুর্ঘটনায় ওই পরিবারের রুহুল আমিন নামে আরও একজন মারা গেছেন।
আহত হয়েছে মাইক্রোবাসের চালক সামছু (৪০) ও অপর একজন আবুল হাশেম(৪৫)।
জানা গেছে, আজ বৃহস্পতিবার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রহিমান নগরের ওই বাসিন্দারা সকাল ৮টায় একটি মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-১৪-৭২৬৭) করে ঢাকা বিমানবন্দরে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাছে তুলাতুলিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের আরোহী চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত দুজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
চান্দিনা পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
স্থানীয় একটি ষূত্র জানায়, দুর্ঘটনায় নিহত ছোট্ট দুই শিশুর বাবার আজ প্রবাস থেকে দেশে ফেরার কথা। তাকে রিসিভ করতেই তারা ঢাকায় যাচ্ছিল।
