বাংলাদেশের সাথে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় অস্ট্রেলিয়া
পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের কৃষি ও খাদ্যমন্ত্রী কিম এম চ্যানস বলেছেন, দ্বিপাক্ষিক পরিপূরক অর্থনীতির ভিত্তিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করতে পারে।
তিনি বলেন, পশ্চিম অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের সাথে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করার ব্যাপারে প্রতিশ্র“তিবদ্ধ।
অস্ট্রেলিয়ার পার্থে ‘বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক সেমিনারে মঙ্গলবার কিম এ মত ব্যক্ত করেন। পশ্চিম অস্ট্রেলিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। বুধবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানা যায়।
কিম তার বক্তব্যে বাংলাদেশের মানবসম্পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং বাংলাদেশকে বাণিজ্যে ‘অত্যন্ত আগ্রহী’ দেশ হিসেবে উল্লেখ করে দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসার জন্য অস্ট্রেলিয়ার ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম হুমায়ুন কবির সেমিনারে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার মূল্যবোধ বিনিময়ের ওপর বিশেষ জোর দেন। তিনি বাংলাদেশকে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য একটি লাভজনক স্থান হিসেবে দেখার জন্য অস্ট্রেলিয়ার ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রেস্তাদুল ইসলাম, ওয়েস্ট্রার্ন এনার্জি প্রাইভেট লিমিটেডের কনসালটেন্ট ডেভিড টেলার, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ড. আবু সিদ্দিক, পার্থে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল গ্রাহাম ড্রপার্ট।
