২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী মানব পাচার থেকে বছরে আয় হয় আনুমানিক ৮শ’ কোটি ডলার: ইউএসএআইডি

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উর্ধ্বতন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা নেট হিলের মতে, বিশ্বব্যাপী মানব পাচার থেকে বছরে আয় হয় আনুমানিক ৮শ’ কোটি ডলার। তিনি মানব পাচারের ঘটনাকে ‘দাসত্বেরই সবচেয়ে নোংরা একটি রূপ’ এবং ‘মানুষের মর্যাদা বিক্রি’ বলে অভিহিত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ইউএসএআইডির আরেক কর্মকর্তা লিন সল্স বলেছেন, মাদক এবং অস্ত্র ব্যবসার পর মানব পাচারই হচ্ছে বিশ্বের তৃতীয় লোভনীয় ও লাভজনক অবৈধ ব্যবসা। বিশ্বে প্রতি বছর আনুমানিক ছয় থেকে আট লাখ নারী, পুরুষ এবং শিশু আন্তঃদেশীয় পাচারের শিকার হচ্ছে। । 

ইউএসএআইডির বরাত দিয়ে বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে গত ১০ই আগস্ট ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে ওই দুই কর্মকর্তা এই মন্তব্য করেন।

হিল বলেন, ‘মানব পাচারের সমস্যা হচ্ছে আমাদের সময়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা’।

তার মতে, ধনী দেশগুলোর অধিবাসীদের কাছে পতিতাবৃত্তি ও সস্তা শ্রমের চাহিদা না থাকলে এই মানব পাচারের বিষয়টিই ঘটতো না।

পাল্টা যুক্তিতে হিল বলেন, বিভিন্ন দেশের সরকার যদি পতিতাবৃত্তি ও সস্তা শ্রমের মতো কর্মকান্ডকে বৈধতা দিত তাহলে উন্নত দেশসমূহে ও আন্তঃসীমান্তে “যৌন বাণিজ্য” হিসেবে পরিচিত পতিতাবৃত্তিও কমে যেতো।

তিনি বলেন, তাদের কাছে প্রমাণ আছে যে, পাচারের শিকার নারী-পুরুষ সবাই ভাবেন তারা অন্য জায়গায় যাচ্ছেন নতুন কাজের সন্ধানে এবং নতুন জীবনের জন্য। তাদেরকে এই ধারণা দেয়া হয়ে তাকে যে তাদেরকে এমন কাজ দেয়া হবে যা তাদেরকে দারিদ্র্য থেকে মুক্তি দেবে।

গত মার্চ মাসে “মানব পাচার: ইউএসএআইডি’র গৃহীত পদক্ষেপ” নামে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে গত ২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের ৭০টিরও অধিক দেশে মানব পাচারের বিরুদ্ধে বিভিন্ন দেশের অবস্থার উপযোগী কর্মসূচিতে সহায়তা দিয়েছে।

২০০৫ সালে যুক্তরাষ্ট্র মানব পাচারের সমস্যা এবং পাচারের শিকারদের সমাজে পুনর্বাসন ও চাকুরি পেতে সহায়তা করার মত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানব পাচার বিরোধী কর্মকান্ডে সহায়তা করার জন্য ২ কোটি ১৩ লাখ ডলার প্রদান করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই অর্থের মধ্যে ইউরোপ ও ইউরেশিয়ার দেশসমূহ ৭৮ লাখ ৬০ হাজার ডলার, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশসমূহ ৭৫ লাখ ৮০ হাজার ডলার, এশিয়া এবং নিকট প্রাচ্যের দেশসমূহ ৩৪ লাখ ডলার এবং আফ্রিকার দেশসমূহ ২২ লাখ ডলার পেয়েছে।

ইউএসএআইডির সলসের মতে, ইউএসএআইডির পাচার বিরোধী কর্মকান্ডসমূহ স্থানীয় সরকার থেকে তাৎপর্যপূর্ণ সহযোগিতা লাভ করেছে। পাচার হয়ে যাওয়া লোকজনদের নিজ দেশে নিরাপদের ফিরে আসা এবং পেশাগত প্রশিক্ষণ গ্রহণের ব্যাপারে সহায়তা করার জন্য কিছু সংখ্যক দেশ যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

ইউএসএআইডির পাচার বিরোধী কৌশলের রূপরেখা সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদন অনুসারে সংস্থার গৃহীত প্রচেষ্টাগুলোর মধ্যে রয়েছে শরণার্থীদের জন্য সহায়তা, মেয়েদের শিক্ষা সহায়তা এবং মহিলাদের বিরুদ্ধে সহিংসতা হ্রাস ও তাদের অধিকার সমুন্নত করা।

সলস জানিয়েছেন, কিছু কিছু প্রতিষ্ঠান তাদের গৃহীত উদ্যোগে পুরুষদেরকে তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে পাচারবিরোধী বার্তা প্রদানের জন্য জড়িত করেছে।

এ ছাড়াও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের মানব পাচার সংক্রান্ত প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে।

তিনি বলেন, বিশ্বের মানব পাচারের একটি উল্লেখযোগ্য অংশের মূল কারণই হচ্ছে বাণিজ্যিকভাবে যৌন ব্যবসা। তবে মানুষ পাচারের অন্যান্য শিকারদের ইটের ভাটায় কাজ করা, চালের কারখানায়, গৃহ পরিচারিকা, শিশু সৈন্য এবং উট দৌড়ের জকি হিসেবে কাজ করার জন্যও শ্রম দাস হিসেবেও বিক্রি করা হয়ে থাকে।