২৬ আগস্ট ফুলবাড়িতে এশিয়া এনার্জি কার্যালয় ঘেরাও করবে তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন প্রকল্প বাতিল ও এশিয়া এনার্জির দেশত্যাগের দাবিতে ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়িতে এশিয়া এনার্জি কার্যালয় ঘেরাও করবে।
জাতীয় কমিটির পক্ষ থেকে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির সদস্য-সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে স্থানীয় ভিটেমাটি থেকে জীবন-জীবিকা উচ্ছেদ হবে। উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের নদী-নালা ও খাল-বিলের পানি বিষাক্ত হবে। এলাকার জীববৈচিত্র ধ্বংস এবং কয়েকশ’ বর্গ কিলোমিটার জুড়ে মরুকরণ হবে। এর বিরূপ প্রভাব অন্যান্য অঞ্চলেও পড়বে।
এতে মানুষ ও প্রকৃতির ক্ষতি ছাড়াও দেশের কমপক্ষে ৯ হাজার কোটি টাকার ক্ষতি হবে। কয়লা সম্পদের ক্ষতি দাঁড়াবে লক্ষ কোটি টাকা। এতে এশিয়া এনার্জির লাভের অংক লক্ষ কোটি টাকার বেশি।
এতে আরো বলা হয়, ফুলবাড়ি ও সংলগ্ন এলাকা পাওয়া উৎকৃষ্ট কয়লা তা বাংলাদেশের সম্পদ। দেশে সম্পদ ও এর সম্ভাবনা বর্তমান ও ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এর যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনার জন্য নীতিমালা প্রয়োজন। এ ব্যাপারে কমিটির পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও সরকার কোনো উদ্যোগ নেয়নি।
বরং ১৯৯৪ সাল থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত বিভিন্ন গোপন চুক্তি ও সমঝোতার মাধ্যমে এই মহামূল্যবান কয়লা সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেবার বন্দোবস্ত করা হয়েছে। দ্রুততম সময়ে সর্বোচ্চ মুনাফার জন্য ওই বিদেশি কোম্পানি কয়লা উত্তোলন ও রপ্তানি করার প্রস্তুতি নিচ্ছে। দেশেরই বিভিন্ন সরকারের মন্ত্রী, আমলা ও কিছুসংখ্যক কনসালট্যান্ট এদের শরীক।
অন্যদের মধ্যে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক এমএম আকাশ, ড. শামসুল আলম, ড. আকমল হোসেন, রুহিন হোসেন প্রিন্স, টিপু বিশ্বাস, নূরুল হাসান, বজলুর রশীদ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
