নতুন আইনের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো
নিরাপত্তা সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা বুধবার ‘বেসরকারি নিরাপত্তা সেবা আইন ২০০৬’ এর কিছু নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার বাংলাদেশ পেশাদার নিরাপত্তা সেবা সরবরাহকারী সমিতি এবং মহানগর নিরাপত্তা সেবা মালিক সমিতির নেতারা বলেন, সরকারের অনেক সিদ্ধান্তই তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
নতুন আইন অনুসারে সরকার বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর জন্য ২ লাখ টাকা নিবন্ধন ফি, ৫ লাখ টাকা জামানত এবং ৫০ হাজার টাকা নবায়ন ফি নির্ধারণ করেছে। সরকারের আরোপিত এসব সিদ্ধান্তকে তারা ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।
বেসরকারি নিরাপত্তা সেবা প্রদানকারীরা আনসার একাডেমীতে ২৮ দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং নিরাপত্তা প্রহরীদের ন্যূনতম মজুরি ২ হাজার ৭ টাকা করার যে বিধান রাখা হয়েছে প্রতিষ্ঠানগুলো সে ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছে। এ ছাড়া নিরাপত্তা সদস্যদের জন্য সরকার নতুন আইনে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার যে বিধি আরোপ করেছে তারও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কর্নেল (অব.) খালেদ আজিজ, মেজর (অব.) জুলফিকার এবং কামরুল ইসলাম সজল উপস্থিত ছিলেন।
দেশের প্রায় ৩০০ নিরাপত্তা সংস্থার অধীনে এক লাখ নিরাপত্তা কর্মী কর্মরত আছে।
আশির দশকের শুরুতে দেশে বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা চালু হয়। কিন্তু এর আগে এক্ষেত্রে কোনও সরকারি আইন প্রচলিত ছিল না।
