সাতক্ষীরা সীমান্তে আবারও বিডিআর - বিএসএফ গুলি বিনিময়, বৃহস্পতিবার পতাকা বৈঠক
সাতক্ষীরা সীমান্তের বিডিআর ও বিএসএফ এর মধ্যে আবারও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তে প্রায় ৪০ মিনিট ধরে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এদিকে ১৯ আগস্ট বিএসএফের গুলিতে নিহত গরু ব্যবসায়ী আবদুল্লাহর লাশ বিএসএফ এখনও ফেরত দেয়নি।
জানা গেছে, কারণে অকারণে বাংলাদেশের ভূখন্ড লক্ষ্য করে গুলি ছোঁড়া এবং গরু ব্যবসায়ী আবদুল্লাহর লাশ ফেরত দেয়া, বাংলাদেশী গরু ব্যবসায়ীদের গুলি করে হত্যাসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের খোজাডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
সীমান্ত এলাকার গ্রামবাসী বিডিনিউজ প্রতিনিধিকে জানান, মঙ্গলবার রাত ১ টার দিকে কোনো কারণ ছাড়াই বিএসএফ সাতক্ষীরার বৈকারী সীমান্তের বাংলাদেশের ভূখন্ড লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বিডিআরও এর পাল্টা জবার দেয়।
সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর হুমায়ুন কবীর বলেন, প্রায় ৪০ মিনিট স্থায়ী গুলি বিনিময়কালে বিডিআরের পক্ষ থেকে ৮ রাউন্ড ও বিএসএফ ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
