২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিন্মমানের ওষুধ সেবনে কয়েকজন অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে নেওয়া ওষুধ সেবনে কয়েকজন কর্মচারী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

কোর্স ও কারিকুলাম বিভাগের পরিচালক প্রফেসর মো. আবদুল হামিদ ও উপ কলেজ পরিদর্শক মো. এনামুল করিমকে নিয়ে বুধবার এই তদন্ত কমিটি গঠন করা হয়।

নষ্ট ওষুধ ওরট্যাকের প্রস্তুকারী ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের তিনজনের একটি প্রতিনিধিদল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। ওরিয়ন তাদের ওষুধের মান যাচাইয়ের জন্য ১০ জন চিকিৎসক ও ফার্মাসিস্ট নিয়ে বোর্ড গঠন করেছে।

একাধিক সূত্র জানায়, প্রতিনিধিদল নষ্ট ওষুধের নমুনা নিয়ে গেছে। তারা ওরিয়ন কোম্পানি থেকে না কিনে ঢাকার বাবুবাজার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ওষুধ কিনেছে জেনে বিস্ময় প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরের একাধিক চিকিৎসক জানান, নিুমানের উপাদান ও দুর্বল সংরক্ষণের কারণে মেয়াদ শেষের আগেই ওষুধ নষ্ট হতে পারে। আর নষ্ট ওষুধ সেবনে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা কর্মচারী জানান, চিকিৎসা কেন্দ্রটি শুধু অফিস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়া কর্মকর্তা - কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যই গড়ে তোলা হয়েছে। সে অনুযায়ী কেন্দ্রে শুধু জরুরি ও কিছু সাধারণ ওষুধ থাকার কথা। কিন্তু কেনা - কাটার সঙ্গে সংশ্লিষ্টদের অতি উৎসাহে গত আড়াই বছরে সাত দফায় পাঁচ লাখ টাকার ওষুধ কেনা হয়েছে। এসব ওষুধ দিনের পর দিন স্টোরে পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে নেওয়া ওষুধ সেবন করে কয়েকজন কর্মচারী অসুস্থ হয়ে পড়লে এ নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করে আসছিল।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াত্তের তদন্ত কমিটি গঠনের কথা স্বীকার করেছেন।