বুধবারও বিমানের ৩ টি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত, যাত্রীদের দুর্ভোগ চরমে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট পাঁচটি উড়োজাহাজ বিকল হয়ে পড়ার জের ধরে বুধবারও তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ কারণে গত কয়েকদিন ধরে বিমানের অনেক যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিমান সূত্র জানিয়েছে, ঢাকা - লন্ডন রুটের ফ্লাইট (বিজি ০১৫) মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় যাত্রা করার কথা ছিল। কিন্তু ওই ফ্লাইটটি প্রায় ১৬ ঘন্টা পর বুধবার সকাল ৮ টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
এ ছাড়া ঢাকা - চট্টগ্রা - দুবাই ফ্লাইটও (বিজি ০৪৭) প্রায় ১৬ ঘন্টা বিলম্বিত হয়। এই ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা থেকে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু এটি বুধবার সকাল সোয়া ১০ টায় ঢাকা ছেড়ে যায়।
ঢাকা -- জেদ্দা ফ্লাইট (বিজি ০৩৭) মঙ্গলবার রাত সোয়া ৮ টার বদলে প্রায় ১০ ঘন্টা দেরীতে বুধবার সকাল সাড়ে ৬ টায় নির্ধারিত গন্তব্যে যাত্রা করে।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, বিমানের ১৩ টি উড়োজাহাজের মধ্যে একসঙ্গে পাঁচটি উড়োজাহাজ বিকল হয়ে যাওয়ায় বাকি আটটি উড়োজাহাজ দিয়ে কর্তৃপক্ষ ফ্লাইট চালাতে হিমশিম খাচ্ছে।
তিনি জানান, এ কারণে মঙ্গলবার বিমানের ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়। ওই পাঁচটি উড়োজাহাজ সংকটের জের ধরে বুধবারও তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়। এ ছাড়া একই কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলেও বিঘœ ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করে আসছে।
