২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবার পেছনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

গত অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অধীনে থাকা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় দুটিই রয়েছে সবচেয়ে পেছনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বিডিনিউজের অনুসন্ধানে দেখা গেছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সংশোধিত এডিপিতে বরাদ্দ পাওয়া কোনো টাকাই ব্যয় করতে পারেনি। সংশোধিত এডিপি কাজে লাগানোর ক্ষেত্রে আইআরডি ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অধীন অপর দুই বিভাগের অবস্থাও করুণ।

বরাদ্দ করা টাকা ফেলে রাখার ক্ষেত্রে আইআরডি বাদ দিলে অন্য যে বিভাগটি সবচেয়ে এগিয়ে তার দায়িত্বেও রয়েছেন সাইফুর রহমান স্বয়ং। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিকল্পনা বিভাগ এবার সংশোধিত বরাদ্দের মাত্র ২৮ ভাগ ব্যবহার করতে পেরেছে। 

এডিপিসহ সরকারি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও অনুমোদনের জন্য প্রাথমিক প্রতিষ্ঠান পরিকল্পনা বিভাগকে ১৬ টি প্রকল্পের জন্য মোট ১৬১ দশমিক ৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের একটি সূত্র বিডিনিউজকে জানায়, এডিপি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের আইআরডি বরাদ্দকৃত ৪ কোটি ৩০ লাখ টাকার একটি মুদ্রাও ব্যয় করতে পারেনি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সরকার ও দাতাদের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করে থাকে। ইআরডির চারটি প্রকল্পে মোট ২ দশমিক ৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তারা মোট বরাদ্দের মাত্র ৫২ শতাংশ অর্থাৎ ১ দশমিক ২ কোটি টাকা ব্যয় করে।

অর্থ বিভাগ এডিপিতে পাওয়া বরাদ্দের ১১০ কোটি টাকাই ব্যবহার করতে পারেনি। মোট ২৫৩ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ পেয়ে অর্থ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে থাকা এ বিভাগ মাত্র ৫৭ শতাংশ ব্যয় করতে পেরেছে।

এডিপি পর্যবেক্ষণ ও মূল্যায়নের কেন্দ্রীয় প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) গত ২০০৫ - ০৬ অর্থবছরের এডিপি বাস্তবায়নে মোট বরাদ্দের ৭৫ শতাংশ অর্থাৎ ৭ দশমিক ০৯ কোটি টাকা ব্যয় করে।

আইএমইডির এক পরিসংখ্যানে দেখা গেছে, ৪৫ টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ই এডিবি বাস্তবায়নে সবচেয়ে কম দক্ষতা দেখিয়েছে। এদিকে এডিবি বাস্তবায়ন বরাদ্দের ৩৪ শতাংশ ব্যয় করার মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের একেবারে কাছাকাছি রয়েছে ভূমি মন্ত্রণালয়।

অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগই সংশোধিত এডিপি বাস্তবায়ন বরাদ্দের ৮০ শতাংশের ওপরে ব্যয় করেছে। ৮০ শতাংশের কম ব্যয় করে মন্ত্রিপরিষদ বিভাগ (৭৩ শতাংশ), নির্বাচন কমিশন (৬০ শতাংশ), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (৭৩ শতাংশ), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় (৭৩ শতাংশ)।

পরিসংখ্যানে দেখা যায়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এডিপি বাস্তবায়নে মোট বরাদ্দের ১২৮ শতাংশ অর্থাৎ ১৪৪ কোটি টাকা ব্যয় করে। সংশোধিত এডিপিতে তাদের জন্য ১১২ দশমিক ৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এক্ষেত্রে একটি প্রকল্পে মাঠপর্যায়ে দাতাসংস্থা বরাদ্দ করা অর্থের চেয়ে ৩৫ কোটি টাকা বেশি ব্যয় করে ফেলে।

এডিপিতে বরাদ্দকৃত অর্থের ব্যয় পরিসংখানে দেখা যায় শিল্প মন্ত্রণালয় ৯৭ শতাংশ, কৃষি মন্ত্রণালয় ৯৫ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৯৩ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৯৩ শতাংশ, যোগাযোগ মন্ত্রণালয় ৯২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ৮৯ শতাংশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮৭ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৮৭ শতাংশ এবং বাণিজ্য মন্ত্রণালয় ৮৫ শতাংশ ব্যয় করে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইএমইডির এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন অধিকাংশ প্রকল্পই কারিগরি সহযোগিতামূলক।

বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি অধ্যাপক খলীকুজ্জামান আহমেদ বিডিনিউজকে বলেন, এডিপি বাস্তবায়নে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অদক্ষতা মেনে নেওয়ার মতো নয় এবং এটি অন্যান্য মন্ত্রণালয়কেও নিরুৎসাহিত করবে। অবশ্য অপচয় করা থেকে ব্যয় না করা অনেক ভাল বলে তিনি মন্তব্য করেন।