২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে দেড়মাস যাবত তীব্র খরা ঃ বৃষ্টি ও বিদ্যুৎ নেই, আমন চাষ নিয়ে দিশেহারা কৃষক

কুড়িগ্রাম ও এর আশেপাশের অঞ্চলে দেড় মাস যাবত চলছে তীব্র খরা। এর পাশাপাশি চরম বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 10:38 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এ পরিস্থিতিতে আমন আবাদ নিয়ে এ অঞ্চলের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা সেচ দিয়ে চারা রোপন করলেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ক্ষেতের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মরে যাচ্ছে আমন চারা। অনেকে সেচযন্ত্র চালু করে ক্ষেত রক্ষার চেষ্টা চালালেও বিদ্যুতের অভাবে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র চালু করাই সম্ভব হচ্ছে না।

জমিতে পানি না জমায় বেড়ে উঠছে আগাছা। শুরু হয়েছে পোকা--মাকড়ের আক্রমণ। এসব কারণে একদিকে উৎপাদন খরচ বাড়লেও অপরদিকে উৎপাদন হ্রাস পাওয়ার অশংকা দেখা দিয়েছে।

বৃষ্টির আশায় জেলার নাগেশ্বরী উপজেলায় সম্প্রতি কয়েক হাজার মানুষ এস্তেস্কার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের অধিবাসীরাও পূজা-অর্চনাসহ ব্যাঙের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিকে বিদ্যুতের দাবিতে উলিপুর ও ভূরুঙ্গামারী উপজেলার শত শত বিক্ষুব্ধ গ্রাহক বিক্ষোভ সমাবেশ, রাস্তা অবরোধ এবং পিডিবি’র স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।

জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, জেলায় গত বছর জুন মাসে ৮১৫ মি. মি, জুলাই মাসে ৭৭২ মি. মি. এবং আগস্ট মাসে ৪০৯ মি. মি. বৃষ্টিপাত হয়েছিলো। সেখানে চলতি বছর জুন মাসে ৪২৩ মি. মি., জুলাই মাসে ২৩৮ মি. মি. এবং চলতি আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত ৮০ মি. মি. বৃষ্টিপাত হয়েছে। সর্বশেষ সোমবার দুপুরে মাত্র ৮ মি. মি. বৃষ্টিপাত হয়েছে। ফলে খরা অবস্থায় সৃষ্টি হয়েছে।

জানা যায়, জেলায় চলতি মৌসুমে স্থানীয় ও উফশী জাত মিলে এক লাখ ১৩ হাজার ৭২১ হেক্টর জমিতে আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে এক লাখ ৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে ইতিমধ্যে চারা রোপন করা হয়েছে।