শেরপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে অপহরণ করে নিয়ে গেছে বিএসএফ
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) শেরপুরের শীবনদী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী কাবলাকোনা লাখা থেকে সোমবার বিকেলে দুই বাংলাদেশীকে অপহরণ করে নিযে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত দুজন হলেন শ্রীবরদী উপজেলার গোবিন্দপুর গ্রাসের দুদু মিয়ার পুত্র জয়নাল (৩৫) এবং আহাম্মদ আলীর পুত্র যতু মিয়া (৪৫)।
বিডিআর ও অন্যান্য সূত্র জানায়, ওই দুই বাংলাদেশী সোমবার বিকেল ৪টার দিকে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য তাওয়াকুচা বিডিআর ক্যাম্পের ১০৯৫ নং পিলারের কাছে যায়। এ সময় বিএসএফ এর টহল দলের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে জোরপূর্বক ওই দুজনকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতদের পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে বিষয়টি বিডিআরকে জানায়। পরে বিডিআর এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অপহৃতদের ফেরত চেয়ে পত্র দিয়েছে বিএসএফ এর কাছে।
কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএফ কোন সাড়া দেয়নি।
