২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ, রাজবাড়ী ও ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৫০

সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও হাটিকুমরুল, ভোলার লালমোহন ও রাজবাড়ীতে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, দুপুর ২ টার দিকে ঢাকা থেকে পাবনাগামী সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজের একটি বাস যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের বাগবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন এবং আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় অপর একজন মারা যান। এ ঘটনায় আহত হন ১০ জন।

নিহতরা হলেন, পাবনা জেলা সদরের আদাবাড়িয়া গ্রামের মজিবুর রহমান (৩৫) ও ফরিদুল ইসলাম (২৫)।

অপরদিকে দুপুর সাড়ে ৩টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল - বগুড়া মহাসড়কের হাটিকুমরুল নামক স্থানে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী জাকের পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ২০ জন আহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে যমুনা সেতু (পশ্চিম) এবং সলঙ্গা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বিডিনিউজের রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী - ফরিদপুর সড়কে রাজবাড়ী পাবলিক হেল্থ সেন্টারের কাছে সকাল ৯টার দিকে একতা পরিবহনের একটি বাস আব্দুল জলিল (৪৫) নামে এক সাইকেল আরোহীকে পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত জলিল রাজবাড়ী টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুলে অফিসে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বিডিনিউজের ভোলা প্রতিনিধি জানান, লালমোহন উপজেলার ভোলা - চরফ্যাশন সড়কের আবুগঞ্জ তালতলি বাজার এলাকায় যাত্রীবাহী বাস মঙ্গলবার বিকেল ৩টায়  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে একজন নিহত ও ২০ জন আহত হন। আহতদের ভোলা ও লালমোহনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ভোলায় অবস্থানরত সেনাবাহিনী, র‌্যাব ৮, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত আছেন। দুর্ঘটনাকবলিত বাসটি দুর্ঘটনার তিন ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে বাসের ভেতর আটকা পড়ে আছেন অনেক যাত্রী।

ভোলার জেলা প্রশাসক মুন্সি সফিউল হক জানান, ভোলার কোথাও ক্রেন না থাকায় বাসটি উদ্ধারের জন্য বরিশাল থেকে ক্রেন আনার প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনাকবলিত ‘আশিক এন্টারপ্রাইজ’ ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল।