মোবাইল ফোন গ্রাহক নিবন্ধনে বিটিআরসির নতুন নিয়ম মানছে না কেউ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) নতুন গ্রাহকদের জন্য গত ফেব্র“য়ারি থেকে নতুন নিবন্ধন পদ্ধতি বাধ্যতামূলক করলেও মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা তা মানছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন মোবাইল ফোনের বিক্রয়কেন্দ্রে সরেজমিন ঘূরে এ প্রতিবেদক দেখতে পান প্রথম দিকে নতুন নিবন্ধন পদ্ধতি মেনে চলা হলেও এখন আর এ বিষয়টি কেউ তোয়াক্কা করছে না।
বিক্রেতারা বিডিনিউজকে বলেন, নতুন নিয়ম অনুযায়ী মোবাইল সংযোগ পাওয়ার জন্য গ্রাহককে ছবি ও ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে হয় যা সময়সাপেক্ষ এবং বিরক্তিকর।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতে, ফেব্র“য়ারির ২৭ তারিখ থেকে নতুন সংযোগ বিক্রয়ের ক্ষেত্রে মোবাইল ফোন কোম্পানিগুলোর নতুন নিবন্ধন পদ্ধতি মেনে চলার কথা।
নতুন নিয়মে বিটিআরসি গ্রাহকদের সনাক্ত করার জন্য ব্যক্তিগত তথ্য, সত্যায়িত ছবি এবং আঙ্গুলের ছাপের বিষয়টি বাধ্যতামূলক করে দেওয়া হয়। পাশাপাশি যেসব নতুন গ্রাহকের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেই তাদের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি বা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সনদও বাধ্যতামূলক করা হয়েছে।
রাজধানীর বসুন্ধরা সিটি মার্কেটের বেশ কয়েকজন মোবাইল গ্রাহক জানান, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এই পদ্ধতি খুবই অসঙ্গতিপূর্ণ। এর মাধ্যমে ব্যবসাকে সহায়তা করার চেয়ে আরও বাধাগ্রস্ত করার কথা।
নতুন এই নীতিমালা অনুযায়ী যদি কোনো গ্রাহক নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দেয় এবং সরকারি কর্মকর্তা যদি তা সত্যায়িত করেন তবে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া এরই মধ্যে যারা গ্রাহক হয়েছেন তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করান তবে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং শুধুমাত্র পুনরায় নিবন্ধীকরণের পরই সংযোগ দেওয়া হবে।
ইস্টার্ন প্লাজার কয়েকজন মোবাইল নেটওয়ার্ক এজেন্ট জানান, নতুন নিয়মে সংযোগ বিক্রি কমে যাওয়ায় তা আর মানা হচ্ছে না।
তারা জানান, যেসব গ্রাহক প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে পারেননি তারা অন্য দোকানে গিয়ে কোনরকম ঝামেলা ছাড়াই শুধু সিম কার্ড নিয়ে বাড়ি ফিরেছেন।
ইস্টার্ন প্লাজার এক ডিলার আলমগীর হোসেন বিডিনিউজকে বলেন, সংশ্লিষ্ট অপারেটর এবং বিটিআরসির পক্ষ থেকে মনিটরিংয়ের কোন ব্যবস্থা না থাকায় নতুন এই পদ্ধতি কার্যকর হয়নি।
এই অবস্থায় ন্যুনতম নিয়মকানুনও মেনে চলা হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন,
অনেক ক্ষেত্রে ডিলাররা এমন কিছু লোকের ছবি ও ত্যথ জমা দিয়েছেন যারা প্রকৃত অর্থে ক্রেতাই ছিলেন না।
গ্রামীন ফোন সূত্র জানায়, এজেন্টদের নতুন ফরম সরবরাহ করা হয়েছিল এবং তাদের এগুলো মেনে চলা অবশ্যই উচিত ছিল। তবে সূত্র এটাও স্বীকার করেছে যে, নতুন এই পদ্ধতি চালুর পর থেকে বিক্রির পরিমাণ অনেকখানিই কমে যায়।
সূত্র মতে, বর্তমান পদ্ধতিতে প্রি - পেইড গ্রাহকদের সঠিক তথ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। ফলে সন্ত্রাসীরা মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে এর সুযোগ লুফে নেওয়ার সম্ভাবনা ঠিকই রয়ে গেছে।
২০০৫ সালের ১১ ডিসেম্বর সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ সংশোধন করে এবং একটি অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুত তা কার্যকর করে। এছাড়া সরকার ফোনে আড়িপাতার জন্য গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থাকে অনুমতি দেয়।
জানুয়ারির ৩০ তারিখে সরকার আবার সংশোধনী এনে সরকারি নির্দেশ অমান্যকারীদের সেবা সরবরাহকারীদের জন্য শাস্তির বিধান জারি করে।
টেলিফোনে আড়িপাতার বিলটি গত ১২ ফেব্র“য়ারি বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও গণ ওয়াকআউট সত্ত্বেও জাতীয় সংসদে পাশ হয়।
নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে হস্তক্ষেপের কারণে বিলটি অসাংবিধানিক এবং জনগণের মৌলিক অধিকার পরিপন্থি বলে বিরোধী দল সদস্যরা এর বিরুদ্ধে অবস্থান নেন। তারা টেলিফোনে আড়িপাতার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের মাধ্যমে এ আইনের অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
আইনটি শেষপর্যন্ত আদালতে গড়িয়েছে এবং রায়ের অপেক্ষায় রয়েছে।
