২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীকদের মঞ্জুরী ও ভাতা বাড়ছে

মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার জন্য সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক পদকপ্রাপ্ত ৫৪৫ জন মুক্তিযোদ্ধার ভাতা ও মঞ্জুরীর পরিমাণ বাড়ানো হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 10:00 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পদকপ্রাপ্তরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে বর্ধিত এই মঞ্জুরি ও ভাতা পাবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সোমবার এ ব্যাপারে সুপারিশ করা হয়। লে. জে (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতি সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন।

বর্ধিত মঞ্জুরি ও ভাতা প্রদানের জন্য অতিরিক্ত মোট ৬০ লাখ ৩৬ টাকার প্রয়োজন হবে।

মঞ্জুরি ও ভাতা বাড়ানোর ব্যাপারে গত ১৭ জুলাই সেনাবাহিনীর সদরদপ্তর থেকে একটি প্রস্তাব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়। পরে তা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। শেষপর্যন্ত সোমবার প্রস্তাবটি সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ লাভ করে।

কমিটির সুপারিশ অনুযায়ী ৫ জন বীরশ্রেষ্ঠ, ৫৯ জন বীরউত্তম, ১৩৮ জন বীরবিক্রম এবং ৩৪৩ জন বীরপ্রতীক পদকপ্রাপ্ত প্রত্যেককে যথাক্রমে দুই লাখ, এক লাখ, ৫০ হাজার এবং ৪০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া তাদের প্রত্যেককে প্রতিমাসে যথাক্রমে ২ হাজার, দেড় হাজার, ১ হাজার ২৫০ এবং এক হাজার টাকা করে প্রদান করা হবে।

কমিটির সদস্য আওয়ামী লীগের সাংসদ কর্নেল (অব.) শওকত আলী বৈঠকে বলেন, বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক Ñ এই চারটি পদক কেবল মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকা উচিত। স্বাধীনতা পরবর্তী সময়ে সাহসী ভূমিকার জন্য সেনাবাহিনীর যাদের পদক দেওয়া হবে বা দেওয়া হয়েছে সেগুলোর অন্য নাম রাখা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তার এ বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে কমিটির চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সাহসী ভূমিকার জন্য চারজনকে বীরউত্তম, ২০ জনকে বীরবিক্রম এবং ৮০ জনকে বীরপ্রতীক পদক প্রদান করা হয়েছে।

মাহবুবুর রহমান বলেন, তাদের পদক খুলে নিয়ে আমরা তাদের অসম্মান করতে পারি না।

মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিতে গিয়ে শওকত আলী বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিধি অনুযায়ী সেনাবাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত নন। এটি বিশ্বজনীন কোনও সংজ্ঞা নয়, এ সংজ্ঞা কেবল কল্যাণ ট্রাস্টকে চালিয়ে নেওয়ার জন্যই। কিন্তু এ সংজ্ঞাকে বিভ্রান্ত এবং রাজনৈতিকায়ন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম কমিটির বৈঠকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির ব্যাপারে প্রস্তাব রাখেন। বিশেষ আমন্ত্রণে তিনি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এবং শাহজাহান ওমর বৈঠকে উপস্থিত ছিলেন।