নান্দাইলের এক ব্যবসায়ী চারদিন ধরে নিখোঁজ
ময়মনসিংহের নান্দাইল পৌরসভা এলাকার আচারগাঁও নাথপাড়া গ্রামের শ্যামল চন্দ্র দাস (২৮) নামে এক ব্যবসায়ী রহস্যজনকভাবে চারদিন ধরে নিখোঁজ রয়েছে।
ঘটনাটি অপহরণ নাকি অন্যকিছু এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
সুবোধ চন্দ্র দাসের ছেলে শ্যামল নিখোঁজ হওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে শনিবার রাত ১০টায় নান্দাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ শ্যামলের বড় ভাই স্বদেশ চন্দ্র দাস বিডিনিউজকে জানান, শুক্রবার রাত ১১ টার দিকে নান্দাইল পুরাতন বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরে আসেন শ্যামল। প্রচন্ড গরম থাকায় জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরে কাঁধে গামছা ও হাতে মোবাইল নিয়ে পায়চারীর উদ্দেশ্যে তিনি বাড়ির বাইরে যান। এরপর থেকে তার কোন খোঁজ মেলেনি। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। ব্যবসায়ী দ্বন্দ্ব কিংবা অন্য কোন কারণে তাকে অপহরণ করা হয়েছে কিনা এ বিষয়ে পরিবারের লোকজন খোলাসা করে কিছু বলতে পারছে না।
এ প্রসঙ্গে নান্দাইল থানার এস আই অহিদুজ্জামান বলেন, জিডি এন্টি হবার পর নিখোঁজ ব্যবসায়ীর চেহারার বিবরণ দিয়ে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
