উত্তরায় নৌ কর্মকর্তা হত্যাকান্ডে অভিযুক্ত বিএনপি নেতার মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ, ২ ঘন্টা যান চলাচল বন্ধ
রাজধানীর উত্তরায় অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাকে খুনের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার মুক্তির দাবিতে স্থানীয় লোকজন আজ সোমবার বিকেলে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। এই ঘটনায় ঢাকা - ময়মনসিংহ সড়কে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
এর আগে সকালে আটক বিএনপি নেতা মোস্তফা জামানকে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়। রোববার রাতে তার সমর্থকরা কয়েক দফায় উত্তরা থানা ঘেরাও করার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
হস্তান্তরের পর অভিযুক্ত জামানকে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়।
নিহত নৌ কর্মকর্তা মঈনের ছেলে মেজর রুবেল বিএনপি উত্তরা শাখার যুগ্মসচিব ও হরিরামপুর ৬ ওর্য়াডের সদস্য মোস্তফা জামান, আনোয়ার, মনির এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা করেন।
জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ মঈন আহমদকে (৬০) খুনের পর থেকে আনোয়ার হোসেন এবং ঝুট ব্যবসায়ী মনিরুল ইসলাম আলী ওরফে মনির খান পালিয়ে বেড়াচ্ছে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) জানান, অভিযুক্তদের ধরার জন্য তারা অভিযান চালাচ্ছেন।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিবাদের কারণে নৌ কর্মকর্তা মঈন আহমেদ বেশকিছু সাধারণ ডায়েরি (জিডি) করায় তাকে হত্যা করা হয়। তারা জানান, ১৯ শে আগস্ট তারা তাকে মৃত্যুর হুমকি দেয় এবং একদিন পরই তিনি খুন হন।
শনিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা জানালার গ্রিল কেটে তার শয়নকক্ষে ঢুকে নৌ কর্মকর্তাকে হত্যা করে।
এদিকে এ ঘটনায় গ্রেপ্তারকৃত বিএনপি নেতা মোস্তফা জামানের মুক্তির দাবিতে স্থানীয়রা গতকাল রোববার রাতে উত্তরা থানা দুই দফা ঘেরাও করে। আজ সোমবার বিকেলে বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ৫/৬শ নেতাকর্মী একই দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা মো. আতিকুল ইসলাম আতিক ও চাত্রদল উত্তরা থানার সভাপতি মো. আফাজউদ্দিন আফাজ। মিছিলটি ঢাকা - ময়মনসিংহ মহাসড়কসহ উত্তরার আজমপুর, রাজলক্ষ্মীসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমির কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উত্তরা থানা বিএনপি নেতা ও হরিরামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সদস্য আমান উল্যাহ ভূঁইয়া, ছাত্রদল নেতা আলী আহাম্মদ প্রমুখ।
বক্তারা মোস্তফা জামানের অবিলম্বের মুক্তির দাবি জানান।
