সাভারে হেরোইনসহ স্বামী - স্ত্রী গ্রেফতার
সাভারের আশুলিয়া থানার সম্মুখে উত্তর গাজিরচট এলাকার বুড়িবাজার মহল্লা থেকে সোমবার সকালে পুলিশ ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাদক ব্যবসায়ী স্বামী - স্ত্রীকে গ্রেফতার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ উত্তর গাজিরচট এলাকার বুড়িবাজার মহল্লায় সোমবার সকালে এক অভিযান চালায়। এ সময় পুলিশ ওই এলাকার আমজাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোতাহারের কক্ষ তল্লাশি করে একটি প্যাকেটে মোড়ানো ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। অভিযানকালে পুলিশ মোতাহার (৩০) ও তার স্ত্রী সাথীকে (২২) গ্রেফতার করে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার এস আই সিদ্দিক বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ এ এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। তাদের অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
