বিচারকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
এ বার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এক বিচারকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন তার স্ত্রী। সোমবার ঢাকা মহানগর ১৩ নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালতের বিচারক শামসুল আলমের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধর ও অবহেলার অভিযোগ আনেন তার তৃতীয় স্ত্রী নাজমা সুলতানা ছয়ফা।
বিচারকের এই স্ত্রীকে নিয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আইনজীবী এলিনা খান সাংবাদিকদের নিয়ে সোমবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। পরে বিচারকের খাস কামরায় গিয়ে স্ত্রী নির্যাতনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
নাজমা সুলতানার অভিযোগ তার বিচারক স্বামী গত ১৬ দিন ধরে তাকে ও তার ১ বছর বয়সী সন্তানকে ভরনপোষণ দিচ্ছেন না। এমনকি মৌখিক খোঁজ খবরও নিচ্ছেন না। উপরন্তু বিবাহিত জীবনের বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। একাধিক বিয়ের কথা গোপন রেখে বৃদ্ধ বয়সে অবসরে যাওয়ার আগে তাকে বিয়ে করেছেন।
বিচারক শামসুল আলম অবশ্য তার স্ত্রীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের কাছে তার নিজের ও সন্তানের নিরাপত্তা দাবী করেছেন। বিচারক জানান, তিনি স্ত্রীকে কোন নির্যাতন করেননি, বরং স্ত্রীই তাকে নির্যাতন করছেন নানা কায়দায়। তার অবসরের পর সম্ভাব্য পাওনা ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্যই কুচক্রি মহলের যোগসাজসে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়ে গত বৃহস্পতিবার বাসা থেকে এক কাপড়ে বের হয়ে যান। বাসায় আর ফিরে যাননি। স্ত্রী অত্যাচারে তিনি হত বিহবল। তিনি গতকালই স্ত্রীকে তালাক দেবেন।
এ ঘটনায় আদালত অঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিচারক জানান তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৮৩ সালে তিনি প্রথম বিয়ে করেন। পরে বনিবনা না হওয়ায় স্কুল শিক্ষিকা ঐ স্ত্রীকে তিনি তালাক দেন। পরে ১৯৯৩ সালে তিনি আবার বিয়ে করেন। কিন্তু ঐ স্ত্রী মানসিক ভারসাম্যহীন হওয়ায় দুই বছর পরে তাকে তিনি তালাক দেন। ২০০২ সালে ঐ বিচারক জয়পুর হাটে সহকারী জজ থাকাকালে একটি মামলার বাদিনী বর্তমান স্ত্রী ছয়ফার সাথে পরিচয় হয়। প্রেমের ভান করে ছয়ফা তাকে বিয়ে করে। বিচারক জানান, “এদেশে পুরুষরা ঘরে ঘরে স্ত্রীর হাতে নির্যাতিত হচ্ছে, এর বিরুদ্ধে পুরুষ নির্যাতন দমন আইন হওয়া উচিত”।
