২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী এক কৃষককে অপহরণের পর বিএসএফ এর রাতভর নির্যাতন

সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালি সীমান্তের জিরো পয়েন্ট থেকে শনিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জামসেদ আলী (৩৬) নামে বাংলাদেশী এক কৃষককে অপহরণ করে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামে। বাবার নাম কানাই সরদার।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

নির্যাতিত জামসেদ আলী বিডিনিউজকে জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ভাদিয়ালি সীমান্তের জিরো পয়েন্টে সোনাই নদীর ধারে তিনি দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন  বিএসএফ  সদস্য তাকে ধরে ভারতের বসিরহাট মহকুমার গড়েরকান্দা ক্যাম্পে নিয়ে যায়। সেখানে রাতভর তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে ক্ষত - বিক্ষত করা হয়। 

তিনি জানান, এক পর্যায়ে তাকে মৃত ভেবে ভোরে তারা তাকে সীমান্তের সোনাই নদীর তীরে ফেলে রেখে যায়। পরে টহলরত বিডিআর সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ -- অধিনায়ক মেজর হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, বাংলাদেশের মধ্য থেকে নয়, জামসেদ আলীকে ভারতের মধ্য থেকে আটক করে বিএসএফ নির্যাতন করেছে।