রাজশাহীর কাজলায় রাবি ছাত্রদল ক্যাডারদের ভাংচুর: এলাকাবাসীর সাথে সংঘর্ষ
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে শনিবার গভীর রাতে ছাত্রদলের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদল কর্মীরা একটি দোকানে ব্যাপক ভাংচুর চালায় ও দুটি ককটেল বিস্ফোরন ঘটায়।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
এর প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবিতে কাজলার ব্যবসায়ীরা আজ রোববার দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রাখে এবং বিশ্ববিদ্যালয় বাস চলাচল বন্ধ করে দেয়।
এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাস বন্ধ করে দিলে দুপুর ১২টা পর্যন্ত রাবি শিার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। রাবি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত ও সমঝোতার জন্য মার্কেটিং বিভাগের অধ্যাপক রবিউল ইসলামকে আহবায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে ।
সূত্র জানায়, ছাত্রদল কর্মী আহসানুল কবীর পাপ্পু তিন মাস আগে কাজলার মোবাইল মেরামতকারী মামুনকে একটি মোবাইল মেরামত করতে দিলে মামুন তা হারিয়ে ফেলে। এ নিয়ে কয়েক দফা সমঝোতা বৈঠক হয়। গত শনিবার রাতে পাপ্পুকে মোবাইলটি দেয়ার কথা ছিল। অন্যদিকে পাপ্পুকে মামুনের দাবি অনুযায়ী সার্ভিস চার্জ বাবদ ৫০০ টাকা প্রদান করার কথাও হয়।
কাজলার চা ব্যবসায়ী সবুজের দোকানে রাবি ছাত্রদলের কর্মী পাপ্পু, তুহিন, রানা ও মোবাইল মেরামতকারী মামুনসহ স্থানীয় লোকজন এ নিয়ে শনিবার রাত ১০ টায় বৈঠকে বসে।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বাক্ - বিতন্ডার এক পর্যায়ে স্থানীয় কয়েকজন বখাটে যুবক ছাত্রদল কর্মীদের মারধর শুরু করলে তুহিন ও রানা কোনমতে পালিয়ে মতিহার থানায় এবং বাকীরা ক্যাম্পাসে আশ্রয় নেয়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ছাত্রদল কর্মীরাই মধ্যস্থতাকারী স্থানীয় ব্যবসায়ী আকতারুল ইসলামের গায়ে হাত তুললে ইসলাম বৈঠক ভেঙ্গে দেন।
আকতারুল সাংবাদিকদের জানান, এর জের ধরে রাত ১২ টায় ইসমাইল, কবির, তুহিন, রানা ও পাপ্পুর নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রদল ক্যাডার তার ব্যবসা প্রতিষ্ঠান নোভা ফটোস্ট্যাটের তালা ভেঙ্গে ভাংচুর চালিয়ে তিনটি ফটোস্ট্যাট মেশিনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নষ্ট করে। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে ছাত্রদল দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
হামলা - ভাংচুরের সাথে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে ছাত্রদল নেতাকর্মীরা জানান, ওই সময়ে তারা থানায় ছিলেন। পাপ্পু ও তুহিন জানান, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবেই তাদের ওপর হামলা চালায়। হামলার কথা শুনে রাবির সাধারণ ছাত্ররা কাজলা এলাকায় হামলা করে।
রাবি ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান লিখন জানান, ছাত্রদল কর্মীরা সমঝোতার জন্যই সেখানে গিয়েছিল। এ অনাকাঙ্খিত ঘটনার দায় তাদেরকেই নিতে হবে।
রাবি প্রক্টর ড. এনামুল হক রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কাজলা বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন। তিনি ঘটনার বিচারের প্রতিশ্র“তি দেন এবং আপাত সমঝোতা করেন।
প্রক্টর জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
