রাজনৈতিক উদ্দেশ্যে মামলা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধ করবেন কীভাবেঃ হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার প্রশ্ন করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা প্রত্যাহার করা হলে প্রধানমন্ত্রী কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরবেন?
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যার এক আসামীকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে পুরষ্কৃত করার মাধ্যমে খালেদা জিয়া এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছেন। ‘খুনী হওয়া’ বাংলাদেশে চাকরি পাওয়ার অন্যতম শর্তে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সিলেট জেলা ও মহানগর শাখার তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা শনিবার এসব মন্তব্য করেছেন।
ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে ঝুলে থাকা কিছু দুর্নীতির মামলা প্রত্যাহারের মাধ্যমে ক্ষমতাসীন বিএনপি জামাতের জোটে এরশাদকে টানার চেষ্টার প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি এই প্রশ্ন উত্থাপন করলেন।
বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যা মামলার আসামীদের প্রশয় দেওয়ার জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেন।
তত্ত্ব¡াবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবের বিষয়ে বিরোধী দলীয় নেত্রী বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হলে জনগণ কখনোই বিএনপি-জামাত জোটকে ভোট দেবে না’।
সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ পরিকল্পনা ভেস্তে যাবে বলে প্রধানমন্ত্রী সংস্কারের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না বলেও’শেখ হাসিনা মন্তব্য করেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০১ সালের নির্বাচনের পর সরকারের সংযোজিত কিছু ধারা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
