২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ে ১১টি ট্রলারসহ ১৫৪ জন জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে বুধবার সকালে আকস্মিক ঝড়ে নিখোঁজ ১১টি ট্রলারসহ ১৫৪ জন জেলের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ঝড়ে ২০০ জেলেসহ চৌদ্দটি ট্রলার নিখোঁজ হয়। এর মধ্যে ডুবে যাওয়া তিনটি ট্রলার থেকে ২৮ জন জেলেকে উদ্ধার করা হলেও অন্যদের ভাগ্যে কি হয়েছে তা জানা যায়নি।

নিমজ্জিত ট্রলার এফবি তাছলিম থেকে উদ্ধারকৃত জেলে আলীরাজ, শাহ আলম এবং হাসান সাংবাদিকদের জানান, ঝড়ের সময় সাগরে বেশ কয়েকটি ট্রলার ডুবে যেতে দেখেছেন তারা।

গভীর সমুদ্রের বিভিন্ন এলাকায় জেলেদের লাশ ভাসছে। ডুবে যাওয়া ট্রলারের আসবাবপত্র ধরে অনেককেই ভাসতে দেখা গেছে। তবে সাগর বিক্ষুদ্ধ থাকায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ জেলেদের খোঁজ জানার জন্য তাদের স্বজনরা পাথরঘাটা ও কুয়াকাটা উপকূলের মৎস্য আড়তদার সমিতি ও মাঝিমাল্লার সমিতিতে ভীড় করছে।

বরগুনা জেলা ট্রলার মালিক এসোসিয়েশনের সভাপতি মোস্তফা চৌধুরী জানান, বুধবার সকালে ভালো আবহাওয়া দেখে ট্রলারগুলো সাগরে যাত্রা করেছিল। কিন্তু সকাল ১০টা নাগাদ আকস্মিক ঝড়ের কবলে পড়ে সব তছনছ হয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের মধ্যে থাকা সেসময় কয়েকটি ট্রলার ঝড়ের খবর জানালেও বাকিদের কোন হদিস মেলেনি। সন্ধ্যা নাগাদ অধিকাংশ ট্রলার পাথরঘাটা ও কুয়াকাটা উপকূলে ফিরলেও ১১টি ট্রলারের কোন খোঁজ মেলেনি। এই ট্রলারগুলোতে ১৫৪জন জেলে রয়েছে।

নিখোঁজ ছয়টি ট্রলারের নাম জানা গেছে। এগুলো হচ্ছে জ্ঞানপাড়া পাথরঘাটার তৈয়বুর রহমানের এফবি রাশেদ গণি, একই মালিকের এফবি মীম, পাথরঘাটার সগির মিয়ার এফবি বনফুল, পাড়েরহাট পিরোজপুরের শাহজাহান মিয়ার এফবি সাইফুল, একই এলাকার আলী মিয়ার এফবি ভাইভাই এবং রামনা বরগুনার সুলতান মিয়ার এফবি রাজিয়া।

ডুবে যাওয়া তিনটি ট্রলার হচ্ছে পাথরঘাটার আলম মিয়ার এফবি জাফর আহম্মেদ, বরগুনার সিদ্দিক মিয়ার এফবি সিদ্দিক ও কুয়াকাট ্েলাকার এফবি তাছলিমা। এর মধ্যে জাফর আহম্মেদ ও সিদ্দিক ট্রলারের ২৬জন জেলেকে এফবি টিপু, এফবি সালমা এবং এফবি সাগর নামে তিনটি ট্রলার সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে নিয়ে এসেছে।

বরগুনা জেলার ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মাস্টার জানিয়েছেন, নিখোঁজ জেলে ও ট্রলারের ব্যাপারে এই মুহুর্তে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। অনেক সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো সুন্দরবনের বিভিন্ন উপকূলে আশ্রয় নেয়। এবারও সেরকম কিছু হয়ে থাকবে বলে তিনি মনে করছেন।

তবে ট্রলার নিখোঁজের খবর উপজেলা ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানান।