পাবনার সুজানগরে পুলিশের সঙ্গে চরমপন্থীদের বন্দুকযুদ্ধে নিহত ১১, পুলিশসহ অর্ধশতাধিক আহত
পাবনার সুজানগরের প্রত্যন্ত এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১১ জন চরমপন্থী নিহত হয়েছে।
এসময় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ৫০ চরমপন্থীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
পাবনার পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী জানান, সকালে সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের প্রত্যন্ত সারির ভিটা গ্রামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের এক গোপন সভা চলছিল। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে ও পুলিশের দুটি রাইফেল ছিনিয়ে নেয়। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধে ১০ জন চরমপন্থী ঘটনাস্থলেই ও পরে একজন মারা যায়। এসময় চার পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।
খবর পেয়ে পুলিশ সুপার, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ সুপার জানান, আহত চরমপন্থীরা পালিয়ে যাওয়ার সময় হাতের অস্ত্র পানিতে ফেলে দিয়ে যায়। পুলিশের ছিনতাই করা রাইফেল ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বন্দু, শাটারগান, পাইপগানসহ ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করে।
নিহতরা হলেন সারিরভিটা গ্রামের গুলজার, কালাম, আবু কাজী, ইউসুফ কাজী, বারেক মোল্লা, বাচ্চু মোল্লা, সাগরকান্দি গ্রামের সাগর, সিরাজ, লোকনাথপুরের কালা বাচ্চু, শ্যামসুন্দরপুরের সবুর ডাকাত ও আনিছুর রহমান।
আহত চার পুলিশকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার বিডিনিউজকে জানান, এই চরমপন্থীরা জনযুদ্ধ সংগঠনের নামে এলাকায় খুন, সন্ত্রাস, চাঁদাবাজী ও ধর্ষণসহ নানা অপরাধ করে আসছিল। এদের মৃত্যুতে এলাকায় স্বস্তি নেমে এসেছে। লোকজন আনন্দ মিছিল বের করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
