শেরপুরে ভেজাল দুধে বাজার সয়লাব, অনেক শিশু আক্রান্ত
শেরপুরের পাঁচটি উপজেলা এবং চারটি পৌরসভা এলাকায় শতাধিক হাট - বাজারে ভেজাল দুধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই দুধ খেয়ে বিশেষ করে শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।
শেরপুর পৌরসভার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কিবরিয়াও বাজারে ভেজাল দুধ বিক্রির কথা স্বীকার করে বলেন, ২/৩ মাস আগে দুধে পানি দেওয়ার কারণে কয়েকজন অসাধু দুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা আবার তৎপর হয়ে উঠে।
ভূক্তভোগীরা জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) নির্ধারণকৃত দুধের গুণগত মান ও দুগ্ধ সম্পর্কিত আইন-কানুন প্রয়োগ না হওয়ায় জেলার হাট-বাজার এখন ভেজাল দুধে সয়লাব হয়ে গেছে। নির্ভেজাল দুধ পাওয়া প্রায় অসম্ভব।
জানা গেছে, বিক্রেতারা ইচ্ছামত দুধে পানি অথবা গুঁড়ো দুধ মিশিয়ে বিক্রি করছে। এতে করে এ সব দুধে ক্যালসিয়াম অক্সাইড, ফসফরাস, আয়রণ ও আয়োডিন একেবারেই থাকছে না। আর এই দুধ খেয়ে শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মচারিরা বিক্রেতাদের কাছ থেকে মাসোহারা বাবদ উৎকোচ পেয়ে থাকে। ফলে অসাধু ব্যবসায়ীরা নিশ্চিন্তে দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করেন।
শেরপুর পৌরসভার স্যানিটারী পয়ঃনিষ্কাশন পরিদর্শক আব্দুল মোতালেব জানান, তারা প্রায়ই বাজার পরিদর্শনে যান। তখন ভেজাল দুধসহ বিক্রেতাদের হাতেনাতে ধরে তিরস্কার করে কিছু টাকা জরিমানার পর ছেড়ে দেন। কিন্তু স্থায়ী কোন ব্যবস্থা না নেওয়ায় এই অবস্থার পরিবর্তন হয় না।
