২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নথিপত্র জালিয়াতিতে ব্রিটিশ হাইকমিশনের উদ্বেগ

ভিসার জন্য নথিপত্র জালিয়াতিতে ক্ষোভ প্রকাশ করে বুধবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বলেছে, এই অগ্রহণযোগ্য চর্চা বাংলাদেশী ব্যাংক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের নবনিযুক্ত পরিচালক (ভিসা সার্ভিস) ভরত জোশি বলেন, মোট আবেদনকারীর মধ্যে প্রায় ২৫ ভাগই জাল নথিপত্র ব্যবহার করে থাকে। আমি একাধিক সরকারী ও বেসরকারী উভয় ব্যাংকেই দূর্নীতি সংক্রান্ত নথি হারিয়ে যেতে দেখেছি এবং ব্যাংক ব্যবস্থাপকরা নিজেরাই এর সঙ্গে জড়িত থাকে বলে এই ঘটনা বেড়েই চলেছে।

রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে জোশি বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন খাতে আবেদনকারীদের মধ্যে ৮২ ভাগই দেশে ফিরতে ব্যর্থ হয়েছে বলে তাদের এক তদন্তে দেখা গেছে।

ভিসা প্রত্যাখান হারের বিষয়ে প্রশ্ন করা হলে জোশি বলেন, আট মাস আগে এর পরিমাণ ছিলো প্রায় ৪০ ভাগ এবং বর্তমানে তা ৩০ ভাগের কম হতে পারে। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে জাল নথিপত্র ব্যবহার হয়ে থাকে বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিটিশ ভিসা কর্মকর্তা বলেন, জালিয়াতির মতো ক্রমবর্ধমান এই হুমকি মোকাবিলার পথ খুঁজছে হাইকমিশন এবং এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সাথে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

উল্লেখ্য, বাংলাদেশ দন্ডবিধির ৪৬৭/৪৬৮ ধারা অনুযায়ী জালিয়াতি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য সর্বোচ্চ শাস্তি হলো দুই বছরের কারাদন্ড বা জরিমানা। এছাড়া বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনেও এ অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে।