বুয়েটের কিছু শিক্ষার্থী অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়া ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) লেভেল - ৪ টার্ম - ২ এর শিক্ষার্থীরা অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়া এবং পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। প্রয়োজনে শিক্ষার্থীরা নিজ বিভাগের অধীনে পরীক্ষা নেওয়ারও দাবি জানান।
এসব দাবিসহ আবেদনপত্র বিভাগীয় প্রধান এবং উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সোমবার শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, সব ধরনের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর শুধুমাত্র ৪ - ৫ টি পরীক্ষার জন্য তাদের ভবিষ্যৎ জীবন অনির্দ্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে। কারণ অতি সত্বর পরীক্ষার সিডিউল ঘোষণা করা না হলে পূজা, রমজান ও ঈদের কারণে পরীক্ষা আরও পিছিয়ে পড়ার আশংকা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বুয়েটে সব বিভাগের সব ব্যাচের ক্লাশ ও পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। বুয়েট কর্তৃপক্ষ চাইলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগের অধীনে পরীক্ষা নিতে পারে।
তারা বলেন, গুটিকয়েক শিক্ষার্থীর জন্য প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এ ছাড়া উদ্ভুত ঘটনার তদন্ত এবং বিচারকাজ সম্পন্ন করে সব ব্যাচের পরীক্ষা একসাথে নিতে গেলে অনেক দেরী হয়ে যাবে। তাই শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে তাদের পরীক্ষা গ্রহণ করার দাবি জানান।
পরীক্ষা পেছানো এবং পরবর্তী ব্যাচের ক্লাশ আগে শুরুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১ আগস্ট ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
