হুমায়ুন আজাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
প্রথাবিরোধী লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শনিবার পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ উপলক্ষে সকালে একটি র্যালি বের করে। এটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে অধ্যাপক আজাদ যে স্থানে মৌলবাদিদের হামলায় আহত হয়েছিলেন সেখানে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শেষ হয়।
এরপর তারা অপরাজেয় বাংলার সামনে সমাবেশ আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন--অর--রশীদ, বাংলা বিভাগের অধ্যাপক আকতার কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, হুমায়ুন আজাদ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি, তাকে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের বিচার করতে হবে।
তারা বলেন, দেশ এখন আরো প্রতিক্রিয়াশীলতার দিকে যাচ্ছে।
সমাবেশ শেষে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা লেকচার থিয়েটারে যে কক্ষে অধ্যাপক হুমায়ুন আজাদ বসতেন, সেই ৪০২১ নম্বর কক্ষে ‘হুমায়ুন আজাদ স্মৃতি কক্ষ’ লেখা ফলক স্থাপন করেন। তারা অধ্যাপক আজাদের স্মৃতি রক্ষায় একে পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরিত করার দাবি জানান।
হুমায়ুন আজাদ ফাউন্ডেশন বিকেলে আরসি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করে। অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক আনু মুহম্মদ, অধ্যাপক রফিকউল্লাহ খান, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, হুমায়ুন আজাদের স্ত্রী লুৎফা আজাদ প্রমুখ। বক্তারা হুমায়ুন আজাদের স্মৃতিচারণ এবং তাঁর কাজের মূল্যায়ন করেন।
অধ্যাপক হুমায়ুন আজাদ এক গবেষণা কাজের জন্যে জার্মানি যাওয়ার পর ২০০৪ সালের ১১ আগস্ট মিউনিখে তাঁর আবাসস্থলে মৃত্যুবরণ করেন। তাঁর স্বজনরা এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেন।
এর আগে একই বছরের ২৭ ফেব্র“য়ারি একুশে বই মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি মৌলবাদীদের হামলায় গুরুতর আহত হন।
