২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি'তে বোমা হামলায় ৪ ছাত্র আহত: বিরোধী ছাত্র জোট শিবিরকে দায়ী করেছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে শনিবার সকালে বোমা হামলায় অন্তত: চারজন ছাত্র গুরুতর আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 03:12 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্র জানায়, আহতরা সকলেই ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা এই বোমা হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছে।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় জানা গেছে; তারা হচ্ছেন, আরিফুল ইসলাম, রাজু ও ইশতি।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যার অভিযুক্ত আসামী ও ছাত্র শিবির নেতা মাহবুব খালেদ ও সালেহীনসহ কয়েকজনের সম্বর্ধনার প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠন ‘প্রগতিশীল ছাত্র জোটের’ ব্যনারে প্রতিবাদ সভার আয়োজন করে। কিন্তু সকাল ১১ টার দিকে সমবেতদের ওপর একটি শক্তিশালী বোমা হামলা হয়।

রাবি’র কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে ছাত্র শিবিরের ওই সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এই সম্বর্ধনাকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল চরম উত্তেজনা।

ওই সম্বর্ধনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট ক্যাম্পাসে একটি প্রতিবাদ সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পুলিশের সহায়তায় তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। জোট কর্মীরা ক্যাম্পাসে মিছিল করার সময় ওই বোমা হামলার ঘটনা ঘটে।

বোমা হামলার ঘটনায় পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। ভীত সন্ত্রস্ত ছাত্র ছাত্রীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।

ওই হামলার প্রতিবাদে শতাধিক ছাত্রছাত্রী বেশ কিছুক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখে।

রাবি’র ছাত্র ইউনিয়নর সভাপতি প্রমথেশ বিডিনিউজ’র সঙ্গে আলাপকালে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বোমা হামলার জন্য ছাত্রশিবির কর্মীদের দায়ী করেন।

রাজশাহী পুলিশ সুপার আল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে আদৌ তিনি ওই বোমা হামলার বিষয়ে অবহিত নন বলে উল্লেখ করেন।