সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিডিআর-বিএসএফ কয়েক হাজার রাউন্ড গুলি বিনিময়, ২ বিডিআর জওয়ানসহ ১০ জন আহত
সিলেটের জকিগঞ্জ সীমান্তে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিডিআর-বিএসএফ কয়েক হাজার রাউন্ড গুলি ও শতাধিক মর্টার শেল বিনিময়ে ২ বিডিআর জওয়ানসহ ১০ গ্রামবাসী আহত হয়েছে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।
এদিকে গুলি বিনিময় চলাকালে বুধবার রাতে সীমান্তবর্তী আমলসীদ গ্রামের বাসিন্দা খলিল মিয়া (৭০) হার্ট অ্যাটাকে মারা গেছেন।
সূত্র জানায়, বিএসএফ বিনা উস্কানিতে বুধবার রাত ১১ টার দিকে গুলিবর্ষণ শুরু করলে বিডিআর সদস্যরাও পাল্টা জবাব দেয়। এসময় সীমান্তবর্তী উত্তরকুল, খাসির চক, ভিন্নপাড়া, মৌলভীরচক, কাজিরপাড়া, বারঠাকুরী ও আমলসীদ গ্রামের লেকাজন দিকবিদিক ছুটাছুটি শুরু করে। বিডিআার জওয়ানরাও পাল্টা জবাব দিতে থাকে। ১৫/২০ কিলোমিটার দূর থেকেও মর্টার শেল নিক্ষেপের শব্দ পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। বারকোট, উত্তর কুল এবং অমলসীদ তিনটি সীমান্তেই গুলি বর্ষণের ঘটনা ঘটে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত থেকে ৪/৫ কিলোমিটার দূরের লোকজনও গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। যারা বাড়ি ঘর ছেড়ে যায়নি তারা ঘরের মধ্যে বাংকার খুড়ে আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য জকিগঞ্জের ১৩৫৪ নং পিলার থেকে ১৩৫১ নম্বর পিলার পর্যন্ত ৩২১ একর ভূমি নিয়ে ১৯৭৫ সাল থেকে বিরোধ চলে আসছে। জকিগঞ্জের উত্তরকুল, আমলসীদ বিওপির মধ্যমর্তীর ৩৭৫ একর ভুমি নিয়েই এই বিরোধ। নদী শাসন আইন ও সীমান্ত আইনের মারপ্যাঁচে বাংলাদেশ ও ভারত উভয় দেশই ওই বিরোধপূর্ণ ভূমির মালিকানা দাবি করে আসছে। এই আইনে ভারত ৫৪ একর এবং বাংলাদেশ ৩২১ একর ভূমি ভোগদখল করছে।
