লেবানন ছেড়ে আরো অন্ততঃ ৪৪৩ জন বাংলাদেশী দেশে ফেরার পথে
যুদ্ধবিদ্ধস্ত লেবানন ছেড়ে আরো অন্ততঃ ৪৪৩ জন বাংলাদেশী বৃহস্পতিবার দেশে ফেরার পথে রয়েছেন।
সূত্র মতে, তারা সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান করছেন এবং শনিবার ভোর ৪ টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন।
আন্তর্জাতিক অভিবাসি সংস্থা (আইওএম)-এর তথ্যানুযায়ী, তাদের সহায়তায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে এ পর্যন্ত চার দফায় মোট ২৮৪ বাংলাদেশী দেশে ফেরত আসেন। গত ২৯ জুলাই প্রথম দলটি ঢাকায় পৌঁছেন।
আইওএম-এর তথ্যমতে, লেবাননের হামরা এলাকা থেকে ১০ টি বাসে করে মোট ৪৪৩ জন বাংলাদেশী রাত ৮ টায় (বাংলাদেশী সময়) সিরিয়ায় পৌঁছেন এবং বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান নেয় । লেবাননে যুদ্ধের কারণে সিরিয়ার সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শরণার্থী শিবির হিসেবে ঘোষণা করেছে।
আইওএম-এর প্রকল্প সমন্বয়ক নাহরিন ফারজানা বিডিনিউজকে জানান, তারা ‘মিডল-ইস্ট এয়ারওয়েজ’-এর একটি বিমান ভাড়া করেছেন এবং সিরিয়ায় অবস্থানরত ৪৪৩ জন বাংলাদেশীর মধ্যে মোট ২৫০ জনকে নিয়ে বিমানটি শনিবার ভোর ৪ টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে।
তিনি আরো জানান, অন্যান্য বিমানে বাকিদেরকে আনা হবে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর লেবানন, দামেস্ক এবং সিরিয়া থেকে হাজার হাজার আতঙ্কিত মানুষ ছুটে পালাচ্ছেন এবং এ কারণে বিমানের টিকিট সংগ্রহ হয়ে দাঁড়িয়েছে একটি দুঃসাধ্য ও কঠিন ব্যাপার।
এরআগে ‘কুয়েত এয়ারওয়েজ’ এবং ‘ইত্তেহাদ এয়ারওয়েজ’ এর ৪ টি বিমানে মোট ২৮৪ জন বাংলাদেশী ঢাকায় পৌঁছেন।
যুদ্ধ বিদ্ধস্ত লেবানন থেকে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের আটকেপড়া মানুষদের উদ্ধার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দ্বায়িত্ব পালন করছে আইওএম।
এছাড়া বাংলাদেশীদের গ্রহণ করার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ কাউন্টার বসিয়েছে।
বিভিন্ন সূত্র মতে, এখনো ১০ হাজারেরও বেশী বাংলাদেশী লেবাননসহ পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করছে।
