সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন হয়নি
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার দশ আসামীর বিরুদ্ধে বুধবার কোন চার্জ গঠন করা হয়নি। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।
রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি আব্দুর লতিফ তালুকদার জানান, গৌতম দাস হত্যা মামলার আসামী সিদ্দিকুর রহমান গত মঙ্গলবার হাইকোর্টে মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তিন কর্মদিবস সময় মঞ্জুর করে মামলার পরবর্তী তারিখ আগামী ১৫ আগস্ট নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার জামিনপ্রাপ্ত ছয় আসামী আদলতে হাজিরা দেন। আসামীরা হচ্ছে - আসিফ ইমরান, সিদ্দিকুর রহমান, আসাদ-বিন-কাদের, রাজীব হাসান মনা, আবু তাহের মোর্তুজা ওরফে এ্যাপোলো এবং তামজিদ হোসেন বাবু।
আসামীদের মধ্যে আসাদ-বিন-কাদের, আবু তাহের মোর্তুজা ও তামজিদ হোসেন বাবু হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৭ নভেম্বর সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস নিজ কার্যালয়ে খুন হন। বহুল আলোচিত এই হত্যা মামলার নথিপত্র গত ২৫ জুলাই ফরিদপুর আদালত থেকে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে এসে পৌঁছে।
